চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাহারতলিতে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ (সিসিসি)।
সিটি মেয়র মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড়তলির তৎকালীন ইউরোপিয়ান ক্লাবের সামনে প্রীতিলতার ভাস্কর্য নির্মাণের কাজ মাস খানেকের মধ্যেই শুরু করা হবে।
"কয়েকজন শিল্পী ভাস্কর্যের 'নমুনা' করপোরেশনে জমা দিয়েছেন। আরও কয়েকজন জমা দেবেন। সেগুলো থেকে বাছাই করে ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হবে।"
একইস্থানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্যসেন ও বিপ্লবী কল্পনা দত্তের ভাস্কর্যও নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র।
১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বেই চট্টগ্রামে পাহাড়তলীতে চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবে (যেটি বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়) হামলা চালায় চট্টগ্রামের যুব বিদ্রোহীরা। সেই অভিযানে সবাই বেঁচে ফিরলেও গুলিবিদ্ধ হন প্রীতিলতা। পুলিশের গ্রেপ্তার এড়াতে সঙ্গে রাখা বিষ পান করে আত্মাহুতি দেন তিনি।
শনিবার চিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৭৯ তম আত্মাহুতি দিবস। ১৯১১ সালের ৫ মে পটিয়ার ধলঘাটে জন্মগ্রহণ করেন তিনি।
নগরবাসী দীর্ঘদিন ধরে প্রীতিলতার একটি ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে আসলেও রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দেয়ালে পাহাড়তলি রেলওয়ে স্কুল প্রাক্তণ ছাত্র সমিতির দেওয়া একটি 'স্মৃতি ফলক' এবং ইউরোপিয়ান ক্লাব সংলগ্ন পাহাড়তলি সাব পোস্ট অফিসের সামনের সড়ক দ্বীপে একটি স্মৃতি স্মারক ছাড়া আর কোনোা স্মৃতি ধরা নেই এই বীরকন্যার।
চলতি বছর ৫ মে প্রীতিলতার জন্ম শতবর্ষ উপলক্ষে স্মৃতি সংরক্ষণের দাবিতে অন্দোলন শুরু করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র নামে তিনটি সংগঠন।
তারা পাহাড়তলীতে প্রীতিলতার ভাস্কর্য ও ইউরোপিয়ান ক্লাবে জাদুঘর স্থাপনের দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়।
সিটি মেয়র মনজুর আলম বলেন, আমরা চাই ভালোভাবে ভাস্কর্যগুলো নির্মিত হোক। তাই একটু সময় নিয়ে মডেল ও শিল্পী বাছাই করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২২১০ ঘ.
bdnews24