২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ সেপ্টেম্বর থেকে তেল-গ্যাস রক্ষা কমিটির রোড মার্চ

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে 'অন্যায্য' চুক্তি বাতিলের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ করবে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে 'অন্যায্য' চুক্তি বাতিলের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ করবে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার এক সংবাদ সম্মেলনে নাগরিক এ কমিটি এ কর্মসূচি ঘোষণা করে। কমিটির পক্ষ থেকে তিন দফা দাবিও তুলে ধরা হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে এ রোড মার্চ ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে পৌঁছে শেষ হবে। পথে সোনারগাঁও, দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা, চৌদ্দগ্রাম, ফেনী, মিরসরাই এবং সীতাকুণ্ডে সমাবেশ, পথসভা হবে। ২৮ সেপ্টেম্বর বেলা ৩টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা হবে। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "দেশি প্রতিষ্ঠান বাপেক্স স¤প্রতি সুনামগঞ্জ এবং নেত্রকোনায় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। এ গ্যাস উত্তোলনে বাপেক্স সম্পূর্ণ সক্ষম হওয়ার পরও বিদেশি সংস্থাকে জড়িত করা হচ্ছে।" জাতীয় কমিটির দাবিগুলো হচ্ছে- দেশীয় সংস্থার মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধান করে এর ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত, ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি বাস্তবায়ন এবং খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধে আইন প্রণয়ন। সংবাদ সম্মেলনে ছিলেন- তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বাসদের বজলুর রশীদ ফিরোজ, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আব্দুস সাত্তার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০০৪ ঘ.