২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জিপ উল্টে নিহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জিপ উল্টে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

খাগড়াছড়ি/রাজবাড়ী, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জিপ উল্টে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচ জন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গুইমারা থানার রসুলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরুন চাকমা (৫০) জিপটির মালিক। তার বাবার নাম কালা চাঁন চাকমা। বাড়ি বান্দরবানের মারিশ্যায়। গুইমারা থানার ওসি স্বপন কুমার আইচ জানান, জিপ গাড়িটি হলুদ ও যাত্রীসহ মারিশ্যা থেকে দীঘিনালা-খাগড়াছড়ি-মাটিরাঙ্গা হয়ে গুইমারা বাজারের উদ্দেশে যাচ্ছিলো। রসুলপুরে মোড় ঘুরতে যেয়ে গাড়িটি উল্টে যায়। এতে ছিটকে পড়ে অরুনের মৃত্যু হয়। আহতরা হলেন মো. আব্দুল আজিজ (২৫), মো. ফিরোজ (২৪), স্থানীয় সাংবাদিক শ্যামল চাকমা (৪৫), মো. মামুন (৩২), রাজেন্দ্রনন্দী (৪০)। তাদের মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । গাড়ির চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে মামলা হয়েছে। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি-নারুয়া সড়কের গাড়াকোলা বাজারে শুক্রবার রাতে ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত রামপদ মজুমদার (৪৫) মাগুরার শ্রীপুর থানার দারিয়াপুর ইউপির চার নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি চর গোয়ালদাহ গ্রামের হিরেন্দ্রনা মজুমদারের ছেলে। বালিয়াকান্দি থানার ওসি নজরুল ইসলাম জানান, রাজবাড়ী থেকে ওষুধ কিনে মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে গাড়াকোলা বাজারে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি রামপদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটির চালক শহিদুল ইসলামকে (৫২) আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫১৭ ঘ.