২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিল্পীর দায় আমৃত্যু পালন করে গেছেন তিনি'

সমাজের কাছে, মানুষের কাছে একজন শিল্পীর যে দায়, তিনি তা পালন করে গেছেন আমৃত্যু- রাজধানীতে আয়োজিত এক সেমিনারে শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক এবং রাজনীতিবিদ রণেশ দাশগুপ্তকে এভাবেই স্মরণ করলেন আলোচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজের কাছে, মানুষের কাছে একজন শিল্পীর যে দায়, তিনি তা পালন করে গেছেন আমৃত্যু- রাজধানীতে আয়োজিত এক সেমিনারে শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক এবং রাজনীতিবিদ রণেশ দাশগুপ্তকে এভাবেই স্মরণ করলেন আলোচকরা। বিপ্লবী রণেশ দাশগুপ্তের শততম জন্মবার্ষিকী সামনে রেখে শুক্রবার শিল্পকলা একাডেমীর কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করে উদীচী কেন্দ্রীয় সংসদ। আগামী ১৫ জানুয়ারি তার শততম জন্মবার্ষিকী পালন করা হবে। সেমিনারে আলোচকরা বলেন, সাহিত্য-সংস্কৃতিই ছিল রণেশ দাশগুপ্তর আসল বিচরণক্ষেত্র। আর তার রাজনীতি ছিল সংস্কৃতি সাধনারই অঙ্গ। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন- সংস্কৃতিই হচ্ছে মূল লক্ষ্য; রাজনীতি হলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটি উপায়। সেমিনারে রণেশ দাশগুপ্তের জীবনের বিভিন্ন দিক নিয়ে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অধ্যাপক যতীন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী, উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ, ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষক ড. সৌমিত্র শেখর ও সাংবাদিক দীপংকর গৌতমের লেখা এই প্রবন্ধগুলোর ওপর পরে আলোচনাও হয়। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, শিক্ষাবিদ অধ্যাপক কাজী মদিনা, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও উদীচীর উপদেষ্টামণ্ডলীর সদস্য আখতার হুসেন আলোচনায় অংশ নেন। ১৯১২ সালের ১৫ জানুয়ারি আসামের ডিব্র"গড়ে জন্ম নেওয়া রণেশ দাশগুপ্ত ভাষা আন্দোলনসহ বাংলার সাংস্কৃতিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখেন। ১৯৫২ এর ভাষা আন্দোলনের সময় কারাগারে থেকে মুনীর চৌধুরীকে তার যুগান্তকারী নাটক 'কবর' লিখতে উদ্বুদ্ধ করেন। অসহযোগ আন্দোলনে শিল্পী-বুদ্ধিজীবীদের সংগঠিত করতেও সক্রিয় ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে আগরতলা হয়ে কলকাতায় যান তিনি। সেখান থেকে তার বক্তৃতা ও বেতার কথিকা মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগায়। দৈনিক সংবাদে দীর্ঘদিন কাজ করেছেন সাংবাদিক রণেশ দাশগুপ্ত। সাংস্কৃতিক বিপ্লবের ধারণায় শিল্পী সমাজকে উদ্বুদ্ধ করতে স্বাধীনতার পরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর হাল ধরেন। তার বিভিন্ন রচনার মধ্যে রহমানের মা ও অন্যান্য গল্প, উপন্যাসের শিল্পরূপ, আলো দিয়ে আলো জ্বালো, আলজেরিয়ার মুক্তিসংগ্রাম উল্লেখযোগ্য। এছাড়া তার সম্পাদনায় জীবনানন্দ দাশের কাব্যসম্ভার এবং গোর্কি, মায়াকভোস্কি ও নেরুদার কবিতার অনুবাদগ্রন্থও প্রকাশিত হয়েছে। অধ্যাপক নিরঞ্জন অধিকারী বলেন, রণেশ দাশগুপ্ত কেবল একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে ছিল অনেকগুলো কামরা। প্রতিটি কামরাই আপন সম্পদে সমৃদ্ধ। তার আদর্শ-নিষ্ঠা, সত্য প্রকাশে তার অনুচ্চ কিন্তু দৃঢ় উচ্চারণ প্রতিপক্ষের মধ্যেও শ্রদ্ধা জাগাতো। ১৯৭৫ সালে দেশত্যাগের পর আর কখনো ফেরেননি রণেশ দাশগুপ্ত। ১৯৯৭ সালের ৪ নভেম্বর তিনি কলকাতায় মারা যান। ৬ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শ্যামপুর শ্মশানঘাটে তার শেষকৃত্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৯৩৯ ঘ.