বাগেরহাট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে আরো ৪০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
শুক্রবার ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার জেলেপল্লী সংলগ্ন পশুর নদীর মোহনা থেকে গামা বাহিনী তাদের অপহরণ করে বলে কোটস্টগার্ড জানায়।
এদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়। তবে কারো পরিচয় জানা যায়নি।
এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৫৫ জেলেকে অপহরণ করা হল।
গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুবলা জেলেপল্লীর ভেদাখালী খাল এলাকা থেকে বনদস্যু রাজু বাহিনীর সদস্যরা ১৫ জেলেকে অপহরণ করে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে ৫-৬টি ট্রলারে করে গামা বাহিনীর ২৫-৩০ জন সদস্য পশুর নদের মোহনায় থাকা ১৫-১৬টি ট্রলার থেকে ৪০ জেলেকে মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে গেছে।
তবে কত টাকা মুক্তিপণ দাবি করেছে জানা যায়নি।
ফিরে আসা ট্রলারের মাঝিরা এ খবর তাদের জানিয়েছেন বলে তিনি জানান।
মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার সাঈদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।
গত দুই দিনে অপহৃত কোনো জেলেকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বনদস্যু আল-আমিন বাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়ার চরের দক্ষিণে ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অর্ধ শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে ফিরে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৬ ঘ.
bdnews24