২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরের আগ্রহ ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 07:30 PM

Updated : 24 Aug 2022, 04:04 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। জাতিসংঘ সদরদপ্তরের ভিজিটর্স লবিতে স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। পরে সন্ধ্যায় নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত আরেক সংবর্ধনা অনুষ্ঠানে হাসিনা ও ওবামার মধ্যে আবারো কথা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন জানান, সংবর্ধনা অনুষ্ঠানে দুই নেতা কুশল বিনিময় করেন এবং বারাক ওবামা বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে মনে করিয়ে দেন যে, ২০০৯ সালে জলবায়ু সম্মেলনে এক বৈঠকে তিনি বাংলাদেশ সফরে আসার প্রতিশ্র"তি দিয়েছিলেন। জবাবে ওবামা আবারও জানান, তিনি বাংলাদেশ সফরে আগ্রহী। তবে সেই সফরের সম্ভাব্য কোনো তারিখ তিনি উল্লেখ করেননি। সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরাকরের প্রসংশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। জাতিসংঘের সদস্যভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই দুটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বুধবার সকালে সাধারণ পরিষদের এই অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/০১২২ ঘ.