দিনাজপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার মধ্যদিয়ে দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় খনি ফটকে অনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা। এ সময় পেট্রোবাংলা, খনি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকতারাও সেখানে ছিলেন।
দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, প্রথম দিনে ভূমি অধিগ্রহণের (ল্যান্ড একুইজেশন-এলএ) ২০১টি চেকের বিপরীতে ৩ কোটি ৮৬ লাখ ১ হাজার ৭৭৫ টাকা, প্যাকেজ চেক (বসতবাড়ি, গাছাপালা, দোকানপাট ইত্যাদি) ২০১টির বিপরীতে ৭ কোটি ২ লাখ ৪০ হাজার ১৪৮ টাকা, শস্যের ক্ষতিপূরণ বাবদ ৩৩টি চেকের বিপরীতে ৭ লাখ ৭৬ হাজার ৪৪৮ টাকা, এবং ৩টি ভূমিহীন পরিবারকে ৬ লাখ টাকার চেক দেওয়া হয়।
পর্যায়ক্রমে অবশিষ্ট টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি।
ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লা উত্তোলনের ফলে এলাকার অনেক জমি দেবে যায়। ক্ষতি হয় ফসলি ক্ষেত ও বসতবাড়ির। জমি ও ফসলের ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে স্থানীয় এলাকাবাসী।
পরে সরকার ক্ষতিপূরণের মাধ্যমে ভূমি অধিগ্রহণের জন্য ১৯০ কোটি টাকার একটি প্রকল্প নেয়। সে অনুযায়ী বড়পুকুরিয়া, জিগাগাড়ি, বলরামপুর, মৌপুকুর, কালুপাড়া, বৈদ্যনাথপুর, বৈ-গ্রাম, পাচঘরিয়া, গোপালপাড়া ও বাঁশপুকুর গ্রামের ৬২৭ দশমিক ৭৩ একর ভূমি ক্ষতিপূরণের বিনিময়ে অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার।
এরপর গত ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজে ১ হাজার ৩৫১ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মালিকানার কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের পর ৮৩৭ জন ভূমি মালিকের তালিকা চূড়ান্ত করা হয়।
বড়পুকুরিয়া জীবন সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল জানান, ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা ফসলি জমির ক্ষেত্রে একর প্রতি ২০ লাখ টাকা এবং বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একর প্রতি ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাচ্ছেন।
অবশিষ্ট ৫১৪ জন ভূমি মালিকের কাগজপত্র পরবর্তীতে পুনরায় যাচাই-বাছাই করা হবে। বাদ পড়া ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের নোটিশের মাধ্যমে পরবর্তী তারিখ জানানো হবে বলে জেলা প্রশাসক জামাল উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24