২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আবারো ১৫ জেলে অপহরণ

মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে আবারো ১৫ জেলেকে অপহরণ করা হয়েছে। এসময় বনদস্যুরা ট্রলার থেকে ইলিশ মাছ ও জাল লুট করে নেয় বলে অভিযোগ করেন জেলেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে আবারো ১৫ জেলেকে অপহরণ করা হয়েছে। এসময় বনদস্যুরা ট্রলার থেকে ইলিশ মাছ ও জাল লুট করে নেয় বলে অভিযোগ করেন জেলেরা। বন বিভাগ ও কোস্টগার্ড জানিয়েছে, বুধবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীর ভেদাখালী খাল এলাকা থেকে ওই জেলেদের অপহরণ করা হয়। এদের সবার বাড়ি বরিশাল বিভাগে। মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনদস্যু রাজু বাহিনীর সদস্যরা ১৫ জেলেকে অপহরণ করেছে। তিনি জানান, তাদের উদ্ধারে বৃহষ্পতিবার সকাল থেকে কোস্টগার্ড, বনবিভাগ এবং নৌবাহিনী যৌথ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে কোস্টগার্ডের উদ্ধারকারী যান সিজিএস নোয়াখালী ও নৌ-বাহিনীর বিএনএস ফরিদ রয়েছে। তবে অপহরণকৃত জেলেদের নাম ও বাড়ির ঠিকানা জানাতে পারেনি কোস্টগার্ড কর্মকর্তা। এর আগে গত ১০ সেপ্টেম্বর বনদস্যু আল-আমিন বাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়ার চরের দক্ষিণে ১ নং ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে অর্ধ শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এসব জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট হাসানুজ্জামান জানান, গত ১৩ সেপ্টেম্বর থেকে এক অভিযানের মধ্যদিয়ে অপহৃত ওইসব জেলেদের মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ওই জেলেরা বাড়ি ফিরে গেছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১০টার দিকে ভেদাখালী খালে অবস্থান নেয়া জেলেদের ট্রলারে রাজু বাহিনীর সদস্যরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দস্যুরা জেলেদের ট্রলার থেকে সাত-আট জেলেকে অপহরণ করে। এসময় ইলিশ মাছ ও জাল লুট হয় বলে জানান মিহির। তবে বনদস্যুরা কত টাকা মুক্তিপণ দাবি করেছে তা জানাতে পারেননি মিহির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৫৪ ঘ.