ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যান্যের মতো র্যাবের আইন ও কার্যবিধি থাকলেও সন্ত্রাস দমনে গঠিত এ বাহিনীর সদস্যরা তা মেনে চলছে না বলে অভিযোগ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বুধবার এক সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, "অন্যান্য দেশে এলিট ফোর্সের নির্দিষ্ট কার্যবিধি ও নির্দেশনা রয়েছে। তারা যেন সেই বিধি মোতাবেক কাজ করে সে জন্য জবাবদিহিতার ব্যাবস্থাও রয়েছে। র্যাবেরও নিয়মতান্ত্রিক কার্যবিধি রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কার্যবিধি বহির্ভূত কাজ করছে।"
র্যাবের জবাবদিহির বিষয়টিও স্পষ্ট নয় বলে মনে করেন তিনি।
র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে এ বাহিনীর সমালোচনা করে আসছে আসকসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো।
তবে র্যাব ও সরকারের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হচ্ছে, র্যাব আইন মেনেই কাজ করছে এবং বাহিনীর কেউ আইন ভঙ্গ করলে তদন্তের পর ব্যবস্থাও নেওয়া হয়।
আসকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪০ বছর হলো। কিন্তু এখনো মানুষের চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা অর্জিত হয়নি।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ফতোয়াবাজি, নারী ও শিশু নির্যাাতন দিন দিন বাড়ছে বলে দাবি করে তিনি বলেন, পত্রিকার পাতা খুললেই বোঝা যায়, এখনো আমরা প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারিনি।
দেশে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আসক নিরলস কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় ছায়ানট সংস্কৃতি ভবন এবং ২৪ সেপ্টেম্বর রবীন্দ্র সরোবর মঞ্চে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে আসক।
১৯৮৬ সাল থেকে আসক কাজ করে যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন- ব্যারিস্টার সালমা সোবহান, ব্যারিস্টার আমীর উল ইসলাম, বিচারপতি কে এম সোবহান, ফজলে হাসান আবেদ, ড. হামিদা হোসেন, খুরশিদ এরফান আহমেদ এবং তাহেরুন্নেছা আব্দুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24