শেরপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন শেরপুরের এক ব্যক্তি। পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর স্ত্রীকে তলব করেছে আদালত।
স্ত্রী সুলতানা মরিয়মের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ এনে মামলাটি করেন ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের লোকমান হাকিম।
গত ২৪ মে মামলার পর আদালত এর সত্যতা যাচাই করতে পুলিশকে নির্দেশ দেয়।
তদন্তের পর ঝিনাইগাতী থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন গত ৬ অগাস্ট তদন্ত প্রতিবেদন দেন। এতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়।
সোমবার বিচারিক হাকিম নুরুল আলম মো. নিপু লোকমানের স্ত্রী মরিয়মকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
লোকমানের সঙ্গে নালিতাবাড়ি উপজেলার দোহালিয়া গ্রামের মনতাজুর রহমানের মেয়ে মরিয়মের বিয়ে হয় ২০১০ সালে।
লোকমান জানান, গত ৩০ মার্চ স্বামীকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যায় মরিয়ম। দীর্ঘদিনেও ফিরে না আসায় গত ১৮ মে তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে যান।
"তখন মরিয়ম বাড়ি ফেরার শর্ত হিসেবে নগদ ৫ লাখ টাকা অথবা তার নামে ১০ কাঠা জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এতে বাদি অস্বীকৃতি জানালে মরিয়ম বাদির ঘর করবে না বলে জানায়," বলা হয় মামলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৮ ঘ.
bdnews24