২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতির ভাঙনে দিশেহারা মানুষ

গোপালগঞ্জে মধুমতি নদীর চারটি স্থানে ভাঙন তীব্র হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে তিন উপজেলার আটটি গ্রাম। ভিটে মাটি ছেড়ে অন্য স্থানে আশ্রয় খুঁজছে এ এলাকার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে মধুমতি নদীর চারটি স্থানে ভাঙন তীব্র হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে তিন উপজেলার আটটি গ্রাম। ভিটে মাটি ছেড়ে অন্য স্থানে আশ্রয় খুঁজছে এ এলাকার মানুষ। পাউবো কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, নদীর পানি কমতে শুরু করায় প্রতিদিন ভাঙন কবলিত এলাকা বাড়ছে। ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- সদর উপজেলার হারদাসপুর পশ্চিমপাড়া ও মানিকদহ, কাশিয়ানী উপজেলার ফুকরা এবং মুকসুদপুর উপজেলার কলিগ্রাম। হরিদাসপুর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য আকলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরিদাসপুর পশ্চিমপাড়া থেকে আড়পাড়া পর্যন্ত এক কিলোমিটার কাঁচা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সড়কের পাশের রাস্তাঘাট ও জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে অন্তত আটটি বাড়ি। নদী ভাঙনের শিকার গ্রামের আলী নূর শেখ বলেন, "আমার জামি, বসতবাড়ির, গাছপালা নদীতে চলে গেছে। সামান্য যা অবশিষ্ট আছে, তাও যে কোনো সময় চলে যেতে পারে। নদী ভাঙন আমাকে সর্বশ্বান্ত করে ছাড়বে।" কাশিয়ানী উপজেলার ফুকরা লঞ্চঘাট থেকে চর মাঠলা পর্যন্ত অন্তত পাঁচটি গ্রামে নদী ভাঙন অব্যাহত আছে। এই গ্রামগুলোর অনেকেই নিজের বসতভিটা হারিয়ে সরকারি আশ্রয় কেন্দ্র ও আত্মীয়-স্বজনদের বাড়ি আশ্রয় নিয়েছে বলে জানান এলাকাবাসী। ফুকরা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মধুমতি নদী পাঁচ গ্রামের মানুষের সহায়-সম্পত্তি গিলে খাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো পরিবার গৃহহীন ও ভূমিহীন হচ্ছে।" তিনি জানান, তার ইউনিয়নে আরো পাঁচটি গ্রাম হুমকির মুখে রয়েছে। এছাড়া সদর উপজেলার মনিকদহ ও মুকসুদপুর উপজেলার কলিগ্রামেও নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে বলে জানান ভুক্তভোগীরা। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী ভাঙনের তীব্রতা আজকের নয়, এটা পুরনো। ফুকরা ইউপি পাঁচটি, মানিকদহ ও কলিগ্রামে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি জানান, ওই সব স্থানে নদী তীর সংরক্ষণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান পাউবো প্রকৌশলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭০০ ঘ.