২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মূল্যস্ফীতি বেড়েছে সরকারের ভুলে'

সরকারের 'ব্যর্থতা ও ভুল নীতির' কারণেই মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'ব্যর্থতা ও ভুল নীতির' কারণেই মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "দ্রব্যমূল্য মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি বর্তমানে সাড়ে ১১ শতাংশের ওপরে। এ কারণে দেশের মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে।'' জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এই আলোচনা সভায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, ''সরকারের ভুল নীতির কারণেই দেশে মূল্যস্ফীতি বাড়ছে।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত অগাস্টে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ২৯ শতাংশ। এই হার গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ। মোশাররফ বলেন, "আওয়ামী লীগ নির্বাচনের আগে বলেছিলো- তারা ক্ষমতায় গেলে মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখবে। কিন্ত তা তারা পারেনি।" বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন অভিযোগ করেন, সরকার একদিকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনীতিকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে। গত দেড় মাসে সরকার বিভিন্ন ব্যাংক থেকে ৫ হাজার ২২৪ কোটি টাকা ঋণ নিয়েছে। এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে। বৈদেশিক বাণিজ্যে ঘাটতির জন্যও সরকারের ব্যর্থতাকে দায়ী করেন খন্দকার মোশাররফ। জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, "এর ফলে সব পণ্যের দাম আরেক দফা বাড়বে।'' রোববার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সোমবার ঘণিভূত প্রাকৃতিক গ্যাস-সিএনজিরও দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বাস ও অটোরিকশার ভাড়াও বাড়ানো হয়েছে। মোশাররফ বলেন, ''এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন জনগণের দুর্ভোগ বাড়তেই থাকবে। এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দিতে আন্দোলনে নামতে হবে। সেজন্য দেশনেত্রী খালেদা জিয়া ২৭ সেপ্টেম্বর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।" জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক নিতাই রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নাগরিক ফোরামের সভাপতি খালেদা ইয়াসমিন আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৯৫০ঘ.