২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন অপহৃত উদ্ধার, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অপহরণের অভিযোগে ফেনীর দাগনভূঁঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদুর রহমান ফটিককে রোববার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ফেনী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের অভিযোগে ফেনীর দাগনভূঁঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদুর রহমান ফটিককে রোববার ভোরে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অপহৃত তিনজনকে উদ্ধারও করা হয়। সোমবার সকালে অপহৃতদেরসহ ছাত্রদল নেতাকে ফেনী থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব জানিয়েছে। অপহৃতরা হলেন দাগনভূঁঞার দেউলিয়া গ্রামের প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী মার্জিয়া বেগম হাসি (৩৫), তার ভাই সাইফুল ইসলাম ও ছেলে গোলাম আজম রেহানকে (২)। র‌্যাব ফেনীর অস্থায়ী ক্যাম্পের উপ সহকারী পরিচালক কফিল উদ্দিন জানান, রোববার সকাল ৮টার দিকে ফেনীর মহিপালের নোয়াখালী বাসস্ট্যান্ড থেকে তিনজনকে অহরণ করার পর তাদের পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের দেখিয়ে দেওয়া স্থানে একলাখ টাকা মুক্তিপণ নিতে এলে ফটিককে গ্রেপ্তার করা হয়। একইদিন ভোরে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ভূঞা বাড়ির ছানু মিয়ার মসজিদ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসির ভাই শরিফুর রহমান ফেনী থানায় মামলা করেছেন বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪২ ঘ.