মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকালয়ে আসা একটি অজগর ধরা পড়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সাপটি দৈর্ঘ্যে ১১ ফুট, এর ওৎন ২০ কেজি।
সিরাজ নগর গ্রামে সোমবার দুপুরে অজগরটি ধরা পড়ে বলে স্থানীয়রা জানায়। পরে এটিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আনা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব সাংবাদিকদের বলেন, রজব আলী নামে এক জনের বাড়ির আঙিনার পাশে সাপটি ধরা পড়ে।
গত কয়েকদিনে রজব আলীর বেশ কয়েকটি মুরগি খেয়ে ফেলে অজগরটি। দুপুরে বাড়ির আঙিনার পাশে অজগরটিকে দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব অজগরটিকে ধরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
সীতেশ দেবের ছেলে সজল বলেন, "অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে।"
সুস্থ হয়ে উঠলে ১০/১২ দিন পর অজগরটিকে আবার বনে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24