নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের একটি পাটের গুদামে আগুন লেগে বিপুল পরিমাণ পাট পুড়ছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে সাত জন।
সোমবার ভোর ৫টার দিকে নিতাইগঞ্জ তোলারাম মোড় এলাকার পপুলার জুট এক্সচেঞ্জের পাটের গুদামে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানায় অগ্নি নির্বাপক বাহিনী।
বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুজন অগ্নি নির্বাপক কর্মীও রয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অগিন নির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানায়, ভোর ৫টার দিকে পপুলারের গুদামে আগুন লাগে মুহূর্তেই আগুনের শিখা ৪০/৫০ ফুট উপরে উঠে যায়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে গুদামের টিনগুলো এবং গুদামে রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে অগ্নি নির্বাপক বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৫৪ ঘ.
bdnews24