২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় ছাত্র হত্যার ঘটনায় অবহেলা ছিলো পুলিশের

আমিনবাজারে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা ছিলো- বলেছে ঘটনা তদন্তে গঠিত পুলিশের কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা ছিলো- বলেছে ঘটনা তদন্তে গঠিত পুলিশের কমিটি। কমিটির প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আমির উদ্দিন পুলিশের মহাপরিদর্শককে রোববার বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে পুলিশ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা ছিলো- এ কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।" "অনুসন্ধানকালে কেউ বলেনি তারা ডাকাত ছিল।" সাংবাদিক সম্মেলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তদন্ত দলের প্রধান আমির উদ্দিন বলেন, "পুলিশ, নিহতদের আত্মীয় স্বজন, আহত এবং তার আত্মীয়স্বজনসহ প্রায় একশ ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে।" তিনি জানান, মূলত তিনটি বিষয়কে সামনে নিয়ে তদন্ত করা হয়েছে। এগুলো হচ্ছে এই ছয়জন কীভাবে সেখানে গেলো, এলাকাবাসী তাদের কেন মারলো এবং পুলিশের কোনো ক্রটি ছিল কি না। এক প্রশ্নের জবাবে জানান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, "মাদক সেবন বা কেনার জন্য তারা সেখানে গিয়েছিল ইতিপূর্বে বিভিন্ন সূত্র থেকে বলা হলেও এমন কোনো সাক্ষ্য পাওয়া যায়নি।" পুলিশ ইচ্ছা করলে ছাত্রদের জীবন রক্ষা করতে পারতো এবং ঘটনার সময় পুলিশ ছিল কি না এই দুইটি প্রশ্ন করা হলে কমিটি প্রধান সরাসরি জবাব না দিয়ে বলেন, "ঘটনার সময় তো পুলিশ একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। এতেই বুঝে নিন।" গত ২০ জুলাই পুলিশের মহাপরিদর্শক চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। আমির উদ্দিন ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মাসুদ করিম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং সদস্য সচিব হিসাবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। গঠিত এ কমিটিকে প্রথমে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। পরবর্তিতে কমিটি আরো ১৫ দিন সময় বাড়িয়ে নেয়। কিন্তু এসময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় আরো ১৫ দিনের সময়ের আবেদন করে কমিটি। সর্বশেষ ১৫ দিন শেষ হওয়ার দুইদিন আগে ২১৬ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেওয়া হলো বলে জানান আমির উদ্দিন। প্রতিবেদনে কী কী বিষয়ে সুপারিশ করা হয়েছে জানতে চাইলে কমিটির প্রধান বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, "পুলিশের অবহেলা, ভূমিকাসহ বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে সুপারিশ করা হয়েছে।" গত ১৭ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় একজন। নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (২৪), শহিদুর রহমান পলাশ (২৬), কামরুজ্জামান কান্ত (২৪), টিপু সুলতান (২৩), শামস্ রহিম শাম্মাম (২২) ও মনির হোসেন (২৫)। আহত হন আল-আমিন নামের আরও এক যুবক। এ ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি গত ৮ সেপ্টেম্বর প্রতিবেদন দিয়েছে। হাইকোর্টের আদেশে এ কমিটি গঠন করা হয়। তদন্ত করেন ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী। ওই ঘটনায় যথাযথ ভূমিকা রাখতে না পারায় চলতি মাসে সাভার মডেল থানার আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২০৪৮ ঘ.