বেনাপোল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু ধর্মাবলম্বীদের শিল্পকার্য বিশ্বকর্মা দেবের পূজা উপলক্ষে রোববার বেনাপোল স্থল বন্দরে কোনো আমদানি-রপ্তানি হয়নি।
এর ফলে উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
ওপারের পেট্রাপোল ক্লিয়ারিং-ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, যারা শিল্প ও ব্যবসার সঙ্গে জড়িত তারাই বিশ্বকর্মা দেবের পূজা-অর্চনা বেশি করে। সকাল থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পূজা-অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বেনাপোল স্থল বন্দর চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, সোমবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আজিজুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউজের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫১ ঘ.
bdnews24