২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ গাড়ি পাঁচ মটর সাইকেল উদ্ধার

গোয়েন্দা পুলিশের তিনটি দল গত কয়েকদিনে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে চুরি বা ছিনতাই হয়ে যাওয়া ১৪টি গাড়ি এবং পাঁচটি মটরসাইকেল উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেস্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশের তিনটি দল গত কয়েকদিনে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে চুরি বা ছিনতাই হয়ে যাওয়া ১৪টি গাড়ি এবং পাঁচটি মটরসাইকেল উদ্ধার করেছে। এই ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মনিরুজ্জামান টুকু গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের জানান, সিনিয়র সহকারি কমিশনার আশিকুর রহমান এর নেতৃত্বে একটি দল ঢাকা মহানগরীর বনশ্রী এলাকায় গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর অভিযান চালায়। দলটি সেখান থেকে জুবায়ের আহমেদ বাবু (২৪) এবং শাহজারুল ইসলাম ওরফে মিলন (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করে। এই দুইজনকে জিজ্ঞাসাবাদের পর একই এলাকা হতে গাড়ি বিক্রেতা মো. গিয়াস উদ্দিন ওরফে খোকনকে (৩৭) গ্রেপ্তার করে। খোকনের স্বীকারোক্তি অনুযায়ী, বনশ্রী হতে দুইটি, শাহজাহানপুর হতে তিনটি ও উত্তরা এলাকা হতে চারটিসহ মোট নয়টি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়। অপর এক অভিযানে সহকারি কমিশনার মোহাম্মদ আল-মামুন শিকদারের নেতৃত্বে একটি দল ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মুরাদ (৩২) ও মোঃ জাহাঙ্গীর আলম (৪৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকমকে জানান, এই দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রামের চাটগাঁও থানা এলাকা হতে দু'টি প্রাইভেট কার উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদে ঢাকায় তাদের সদস্য আছে বলে জানায়। এরপর তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ঢাকা থেকে মো. সোলাইমান (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সোলায়মানকে চট্রগ্রামে এনে তার স্বীকারোক্তি অনুযায়ী ডাবলমুরিং, পাঁচলাইশ ও কোতয়ালী থানা এলাকা থেকে তিনটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। মটর সাইকেল উদ্ধার সহকারি কমিশনার মিশুক চাকমার নেতৃত্বে একটি দল গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর ঢাকা মহানগরীর মিরপুরে অভিযান চালিয়ে মোঃ কামাল আহমেদ (২৮) নামের একজনকে একটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামালের স্বীকারোক্তি অনুযায়ি ঢাকার আদাবর এলাকায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে মো. সাকিল আহমেদ ওরফে সুজন (২৬) এবং বেইলি রোড হতে মো. এনামুল হক ওরফে বাবু (২৯) নামের দুইজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার মিরপুর প্রিয়াংকা হাউজিং থেকে একটি, দারুস সালাম থেকে একটি, বংশাল থেকে একটি ও বসুন্ধরা এলাকা হতে একটিসহ মোট পাঁচটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। চুরি বা ছিনতাই হয়ে যাওয়া গাড়ির মালিকদের ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) কার্যালয়ে এসে উদ্ধার করা গাড়িগুলোর সঙ্গে তাদের গাড়ির ইঞ্জিন-চেসিস নাম্বার মিলিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলএইচ/এসইউ/২১৪৭ঘ.