খুলনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করদাতাদের উৎসাহিত করা ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার খুলনায় ছয় দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
বয়রায় কর ভবন চত্বরে এই মেলা চলবে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
"সবাই মিলে দেবো কর, দেশকে করবো স্বনির্ভর" শে¬াগান নিয়ে সকালে মেলার উদ্বোধন করেন খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার চিন্ময় প্রসূন বিশ্বাস।
খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. দবির উদ্দীনের সভাপতিত্বে আরো বক্তৃতা দেন কর কমিশনার সুনীল কুমার ও অতিরিক্ত কর কমিশনার মো. আবুল মনসুর।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। যাদের আয়ের পরিমাণ এক লাখ ৮০ হাজার টাকার অধিক তাদেরকে উক্ত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
করমুক্ত আয়ের বয়স ৬৫ বছর ঊর্ধ্বে। এছাড়াও মহিলা করদাতাদের দুই লাখ এবং প্রতিবন্ধীদের দুই লাখ ৫০ হাজার টাকা করমুক্ত আয়।
যথাসময়ে আয়কর জমা দিতে ব্যর্থ হলে প্রথমে এক হাজার টাকা এবং পরবর্তীতে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে জরিমানা আরোপের বিধান রয়েছে।
আয়কর মেলায় ফরম পূরণে পরামর্শসহ সহযোগিতা দেওয়া এবং আয়কর রিটার্ন গ্রহণ করে সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হবে। রিটার্নের অর্থ চালান, ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে জমা দেওয়ার জন্য সোনালী ও জনতা ব্যাংকের বুথ খোলা হয়েছে।
মেলায় নতুন করদাতাদের টিআইএন বরাদ্দ ও প্রত্যায়ন পত্র প্রদানসহ আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী করদাতাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
যারা তাৎক্ষণিক টিআইএন বরাদ্দ নিতে চান তাদেরকে পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.
bdnews24