২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটে ঝুঁকি আছে: মাহবুব

ট্রানজিট ব্যবহার করে ভারত সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিদ্রোহ দমনে তৎপরতা চালাতে পারে বলে মনে করছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান। আর তাহলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বলে তার শঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিট ব্যবহার করে ভারত সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিদ্রোহ দমনে তৎপরতা চালাতে পারে বলে মনে করছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান। আর তাহলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বলে তার শঙ্কা। সাবেক সেনাপ্রধান মাহবুব শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, "ট্রানজিটের নামে ভারতকে সরকার করিডোর দিচ্ছে। এর মাধমে ভারত সেভেন সিস্টারে বিরাজমান বিদ্রোহ দমনের জন্য সরঞ্জাম নিয়ে যেতে পারে। তা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হবে।" আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড ও মনিপুর- ভারতের উত্তরপূর্বাঞ্চলের এ সাতটি রাজ্য বাংলাদেশের পূর্বপাশে রয়েছে। এসব রাজ্যের কয়েকটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে। ভারতের মূলভূখণ্ড থেকে বাংলাদেশ দ্বারা প্রায় বিচ্ছিন্ন এ রাজ্যগুলোতে যোগাযোগের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে আগ্রহী ভারত। এ মাসের শুরুতে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ট্রানজিট নিয়ে সম্মতিপত্র বিনিময়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতা করে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুব বলেন, "বিএনপি ট্রানজিট নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কানেক্টিভিটি চায়। কিন্তু সরকার তা না করে ভারতকে সেভেন সিস্টারে পণ্য পরিবহনের সুযোগ করে দিয়েছে। এটা কানেক্টিভিটি নয়, করিডোর সুবিধা।" তিস্তার পানি বণ্টনসহ ঢাকা-দিল্লির বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় মনমোহনের সফর ব্যর্থ বলে দাবি করেন তিনি। মাহবুব বলেন, "তার (মনমোহন) সফর নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক আশা জেগেছিলো। কিন্তু পর্বতের মুসিক প্রসব ছাড়া কিছুই হয়নি।" খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ওই আলোচনা সভায় বর্তমান সরকারেরও সমালোচনা করেন মাহবুব। তিনি বলেন, "চতুর্দিকে ভয়াবহ দুর্যোগ জেঁকে বসেছে। বিরোধী দল ও জনগণের মতামত না নিয়ে সরকার একতরফাভাবে সংবিধান সংশোধন করেছে।" আলোচনা সভায় অন্য বক্তারাও সরকারের সমালোচনা করেন। তাদের মধ্যে ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এম এম মেহবুব রহমান, জেড আই মোস্তফা মুকুল, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ, মঞ্জুর হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪০ ঘ.