ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) চিঠি দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
মন্ত্রীর সততা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের 'সন্দেহের' তারবার্তাভিত্তিক সংবাদ গণমাধ্যমে প্রকাশের ১০ দিনের মাথায় এ চিঠি দিলেন তিনি।
মন্ত্রী স্বাক্ষরিত এ চিঠি মঙ্গলবার টিআইবি'র চেয়ারম্যান সুলতানা কামালের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, টিআইবি'র এ কার্যক্রমে সহযোগিতা করতে মন্ত্রণালয়ের অধীনে তিন সচিবকে (সড়ক বিভাগ, রেল বিভাগ ও সেতু বিভাগ) নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কে গণমাধ্যমে 'অসত্য প্রচারণা চলছে' বলে চিঠিতে মন্তব্য করেন মন্ত্রী আবুল হোসেন।
তিনি বলেন, "ইদানিং দেশের কতিপয় মিডিয়ার যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কে অসত্য প্রচারণা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজকে বিলম্বিত করছে। পত্রিকা ও মিডিয়ার অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ দেশের উন্নয়নে বাধার সৃষ্টি করছে।"
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এ চিঠিটি দেওয়া হয়েছে মন্ত্রীর ব্যক্তিগত প্যাড ব্যবহার করে। বিশেষ বার্তা বাহকের মাধ্যমে চিঠিটি মঙ্গলবারই চিঠিটি টিআইবি'র কার্যালয়ে পৌছানো হয়েছে।
তবে টিআইবির চেয়ারম্যান দেশে না থাকায় তার দপ্তরে চিঠিটি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।
গতবছরের ফেব্র"য়ারিতে ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তা অনুযায়ী রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, দুর্নীতির অভিযোগ এখনো যোগাযোগমন্ত্রীকে ঘিরে আছে।
এ নিয়ে গত ৩ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ হলে পরদিন যোগাযোগমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, উন্নয়ন সংক্রান্ত সব তথ্য টিআইবিকে পাঠানো হয়।
এর জবাবে গত ৫ সেপ্টেম্বর টিআইবি বলে, মন্ত্রণালয় যে তথ্য দেয় তার ভিত্তিতে পুরো মন্ত্রণালয়ের কার্যক্রমের স্বচ্ছতা মূল্যায়ন করা সম্ভব নয়। এছাড়া পদ্মা সেতুর নির্মাণকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় মন্ত্রণালয়কে ২০০৯ সালে একটি 'সততা চুক্তির' রূপরেখা দেওয়া হয়েছিল।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত ৭ সেপ্টেম্বর বলেন, টিআইবি কোনো প্রস্তাব দিয়েছিল কি না সে প্রস্তাবের নিষ্পত্তি কীভাবে হয়েছে তা সচিবদের কাছে মন্ত্রী জানতে চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/পিডি/১৭৫১ ঘ.
bdnews24