গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক বিরোধের জের ধরে গোপালগঞ্জের মুকসুদপুরের একটি গ্রামে দু'পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ভাবরাশুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইয়ার আলী দেওয়ান (৫০) ভাবরাশুর গ্রামের বক্তার আলী দেওয়ানের ছেলে।
আহত তিন জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ইয়ার আলীর সঙ্গে তার চাচাত ভাই গঞ্জর আলী দেওয়ানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
মুকসুদপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, সকালে ইয়ার আলীর হাঁস গঞ্জর আলীর উঠানে গেলে হাঁসের গায়ে ইট মারে গঞ্জরের পরিবারের সদস্যরা। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু' পক্ষের লোকজন ও সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়।
আহত ইয়ার আলীকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২ টার দিকে তিনি মারা যান বলে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪২৬ ঘ.
bdnews24