২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে দেশের পতাকা সমুন্নত রাখুন: প্রধানমন্ত্রী

বিশ্বে একটি সুশৃঙ্খল, দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে একটি সুশৃঙ্খল, দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গাজীপুরে রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার ও স্কুলকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা চাই বিশ্বে¦ আপনারা বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অর্পিত দায়িত্ব পালনে সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন।" আওয়ামী লীগ সরকার ভিশন ২০২১ বাস্তবায়ন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রূপকল্পের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করতে 'ফোর্সেস গোল ২০৩০' গ্রহণ করা হয়েছে। "এর ফলে সেনাবাহিনী একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে পরিণত হবে", যোগ করেন তিনি। জাতীয় জীবনে অর্ডন্যান্স কোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "উপসাগরীয় যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত কুয়েতের পুনর্গঠনে, বিশেষত মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর বিশেষ অবদান রেখেছে। এখনও কুয়েত পুনর্গঠনে এই কোরের সদস্যগণ কাজ করে যাচ্ছেন।" স্বাধীনতার পর সেনাবাহিনী পুর্নগঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন তার বড় মেয়ে হাসিনা। তিনি বলেন, "জাতির পিতার নির্দেশে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সামরিক সরঞ্জাম দ্রুত সংগঠিত করে অর্ডন্যান্স কোরের আওতাভুক্ত করা হয়। অসংখ্য মাইন ও নিমজ্জিত জাহাজ অপসারণ করে চট্টগ্রাম ও চালনা বন্দরকে সচল করা হয়।" স্বাধীনতার তিন মাসের মধ্যে মুজিবুর রহমান ভারতীয় সেনাবাহিনীকে দেশে ফেরত পাঠাতে সমর্থ হন উল্লেখ করে হাসিনা বলেন, তিনি মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন। একটি সদ্য স্বাধীন দেশের সেনাবাহিনীর অগ্রযাত্রার এটি ছিলো একটি মাইলফলক। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করে দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, তারা সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে শান্তি প্রতিষ্ঠায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাজেন্দ্রপুর সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান আব্দুল মুবিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি স্কুলের কমান্ডান্টের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী অর্ডন্যান্স কোরের পঞ্চম কোর পুনর্মিলনী এবং ৩১তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে-২০১১ এ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৯৩৯ ঘ.