২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অসহযোগিতায় ব্যর্থ চট্টগ্রামের বাস কাউন্টার সার্ভিস'

মালিক-শ্রমিক ও যাত্রীদের অসহযোগিতা এবং যানবাহনের স্বল্পতার কারণে চট্টগ্রামের গণপরিবহণে 'কাউন্টার সার্ভিস' ব্যবস্থা সফল হয়নি বলে মনে করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক-শ্রমিক ও যাত্রীদের অসহযোগিতা এবং যানবাহনের স্বল্পতার কারণে চট্টগ্রামের গণপরিবহণে 'কাউন্টার সার্ভিস' ব্যবস্থা সফল হয়নি বলে মনে করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার দুপুরে সিএমপির সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বলেন, "সবার অসহযোগিতার কারণেই এ ব্যবস্থা সফল হয়নি। এদের মধ্যে কে কোনটা চায় তা বুঝতেও সমস্যা হচ্ছে।" গণপরিবহণের স্বল্পতাকে 'কাউন্টার ব্যবস্থা' সফল না হওয়ার অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (সিইপিজেড) অন্যান্য তৈরি পোশাক কারখানারও পর্যাপ্ত সংখ্যায় নিজস্ব যানবাহন নেই। তবে চট্টগ্রামে গণপরিবহণে শৃঙ্খলা আনতে কাউন্টার ব্যবস্থার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মালিক-শ্রমিক সংগঠন ও সিইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিন দফা সময় পিছিয়ে গত ২৫ জুলাই নগরীর ১২টি রুটের বাস, মিনিবাস ও হিউম্যান হলারের জন্য আনুষ্ঠানিকভাবে কাউন্টার ব্যবস্থা চালু করা হয়। এর দুই দিনের মাথায় 'যানবাহন স্বল্পতার' কারণে ভোগান্তির মুখে নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় ৩০টি গাড়ি ভাংচুর করে বিক্ষুদ্ধ যাত্রীরা। অবশ্য পরিবহন চালক-শ্রমিক, পুলিশ ও মালিক পক্ষের কয়েকজন নেতা সে সময় অভিযোগ করেছিলেন, কাউন্টার সার্ভিস বন্ধের জন্যই 'পরিকল্পিতভাবে' এ ভাংচুর চালানো হয়। ২৭ জুলাইয়ের পর বিক্ষিপ্তভাবে নগরীতে কাউন্টার ব্যবস্থা চালু থাকে। কোনো কোনো রুটে কাউন্টার ব্যবস্থা থাকলেও আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী ওঠানো হয়। ঈদের ছুটির পর মাত্র তিনটি বাস সার্ভিসে এই ব্যবস্থা চালু আছে। এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ জানান, বর্তমানে 'মহানগর' এবং ১০-এ রুটে স্পেশাল সার্ভিস এবং একই রুটে চট্টলা পরিবহনের বাস কাউন্টার সার্ভিসে চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সিএমপি কমিশনার আবুল কাশেম বলেন, নগরীতে প্রতিদিন চলাচলকারী আট থেকে ১০ লাখ লোকের জন্য বিআরটিসির দুটি এবং সিটি কর্পোরেশনের সাতটি বাস আছে। নগরীতে চলাচলকারী বাকি সব যানবাহন পরিচালিত হয় বেসরকারি পর্যায়ে। তিনি বলেন, "দেশের দ্বিতীয় বৃহত্তম এ মহানগরীতে যাত্রীসেবা নিশ্চিত করতে হলে অবশ্যই কাউন্টার ব্যবস্থা চালু রাখতে হবে।" ফারুক আহমেদ বলেন, কাউন্টার এবং কাউন্টারবিহীন দুই ধরনের ব্যবস্থাই চালু থাকবে। নতুন কোনো বাস সার্ভিস চালু হলে তা কাউন্টার ব্যবস্থার অধীনে হতে হবে। আর পুরনো সার্ভিস যদি এ ব্যবস্থায় আসতে চায় তাহলে সে সুযোগ তাদের থাকবে। এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ১৪ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর সবগুলো রুটে কাউন্টার সার্ভিস চালু করা হয়। কিছুদিন পরই তা বন্ধ হয়ে যায়। আবার মিটারে অটোরিকশা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিসি (ট্রাফিক) ফারুক আহমেদ বলেন, সিএনজির দাম বাড়ার পর এখন পর্যন্ত বিআরটিএ সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুনর্র্নিধারণ করেনি। এ বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা ভাড়ার হার নির্ধারণ করে দিলে আবারও মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হবে। গত ২৭ এপ্রিল নগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়। তবে এরপর সরকার সিএনজির দাম বাড়ানোয় এ উদ্যোগ বন্ধ হয়ে যায়। অন্যদের মধ্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) আমেনা বেগম, ডিসি (বন্দর) কুমুস দেওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। গত জুলাই মাসে ভালো কাজের জন্য মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চার জন ও অগাস্ট মাসে ভালো কাজের জন্য ছয় জন পুলিশ সদস্যকে সেরা কর্মকর্তার সনদপত্র ও আর্থিক সম্মাননা দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/জেকে/২২৫১ ঘ.