২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের ১৮৩ পদে চুক্তিভিত্তিক নিয়োগ

বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টার (এসএম), লোকোমোটিভ মাস্টার (চালক-এলএম) ও সহকারী লোকোমোটিভ মাস্টারের (সহকারি চালক-এএলএম) শূন্য পদে ১৮৩ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 07:03 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টার (এসএম), লোকোমোটিভ মাস্টার (চালক-এলএম) ও সহকারী লোকোমোটিভ মাস্টারের (সহকারি চালক-এএলএম) শূন্য পদে ১৮৩ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এসব নিয়োগের আদেশ জারি করে। চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত পূরণসাপেক্ষে কাজে যোগ দেওয়ার দিন থেকে নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের রেল বিভাগের সচিব এবাদত আলী বলেন, প্রায় অর্ধেক শূন্য পদের বিপরীতে রেলওয়ের কাজে গতিশীলতা আনতেই এসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিতে যারা নিয়োগ পাচ্ছেন, তাদের ৮৬ জন স্টেশন মাস্টার এবং ৯৭ জন চালক ও সহকারী চালক। রেল পরিচালনা ও চালানোর ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং বর্তমানে অবসরে অথবা অবসরোত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন- এমন ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগেও চলতি বছরের শুরুতে আরো ৭৭ জন স্টেশন মাস্টার ও চালককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এদের মধ্যে ৪৬ জন চালক এবং ৩১ জন স্টেশন মাস্টার পদে নিয়োগ পান বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (সংস্থাপন-৩) মো. মোফাজ্জল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলাসহ নানা কারণে ২০০৪ সালের পর থেকে এসব শূন্য পদে আর কোনো নতুন নিয়োগ হয়নি। ২০০৬, '০৭ ও '০৯ সালে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও মামলার কারণে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। "ফলে রেল চালক ও স্টেশন মাস্টারের অনেক পদ শূন্য হয়ে পড়ে। এতে রেলওয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। রেলকে সচল রাখতে ও গতিশীল করতেই এসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।" যোগাগোগ মন্ত্রণালয়ের রেল বিভাগের সচিব এবাদত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেশন মাস্টার ও রেল চালকের পদগুলো হচ্ছে কারিগরি (টেকনিক্যাল) পদ। এসব পদের জন্য দক্ষ ও যোগ্য লোকবল তৈরি সময় সাপেক্ষ ব্যাপার। তাই অবসর বা পিআরএল-এ থাকা দক্ষ কর্মীদের সাময়িকভাবে চুক্তিতে কাজে লাগানো হচ্ছে। তিনি জানান, রেলওয়ের ৪৮ হাজার পদের বিপরীতে বর্তমানে ২৩ হাজারের মতো কর্মী আছে। বাকি সব পদই বর্তমানে শূন্য। স¤প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সাত হাজার শূন্য পদে কর্মী নিয়োগের অনুমোদন দেয়। বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নিয়ে যাচাই-বাছাই শেষে এসব পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০০৩০ ঘ.