নোয়াখালী, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চার ডাক্তার ও দুই সেবিকার বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার নোয়াখালীর বিচার বিভাগীয় হাকিম নুরুল আফসারের আদালতে পিটিশন মামলাটি দায়ের করেন জেলা জজ আদালতের আইনজীবী জসিম উদ্দিন আবীর।
বিচারক মামলাটি এফআইআর হিসেবে নেওয়ার জন্য সুধারাম থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার সুমন।
মামলার আসামিরা হলেন নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম মোসলেহ উদ্দিন, গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. ফরহানা তারানুন খান, মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুল হক মজুমদার, ডা. ফরিদ উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার ও সেলিনা আক্তার।
মামলার নথি থেকে জানা যায়, বাদীর সন্তানসম্ভবা স্ত্রী নাজমুন নাহারকে গত ২৭ অগাস্ট বিকালে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার কারণে প্রসুতি ও নবজাতকের অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠলে রাতে ওই প্রসূতিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে 'বিশেষজ্ঞ' চিকিৎসক দিয়ে অপারেশন করানো হয়। সেখানে তার একটি মেয়ে হয়।
সেখানে নবজাতকের অবস্থার অবনতি হলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় স্বজনরা। পথে শিশুটির মৃত্যু হয়।
এ ব্যাপরে নোয়াখালী ডা. এইচ এম মোসলেহ উদ্দিন বলেন, গত ২৯ অগাস্ট জসিম উদ্দিন আবীর আমার কাছে একটি লিখিত অভিযোগ দিলে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সালউদ্দিন মাহমুদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কিন্তু ওই কমিটির রিপোর্ট দেওয়ার আগে তিনি মামলা করলেন।
"তাছাড়া জসিম সাহেব স্বেচ্ছায় তার স্ত্রীকে আমাদের হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে অপারেশন এবং সন্তান হয়েছে। তাতে কোনো ত্রুটি থাকলে তা সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের, আমাদের নয়," বলেন তিনি।
অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, "রোগী আসার পর থেকে আমাদের যে দায়িত্ব পালন করার কথা তা যথাযথভাবে করেছি। এরইমধ্যে জসিম সাহেব নিজেই তার স্ত্রীকে হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যান। সেখানে বাচ্চার কী হয়েছে তার কিছুই আমরা জানি না।"
আদালতের আদেশ সম্পর্কে সুধারাম থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার বলেন, ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলে শুনেছি। তবে এখনো এ সংক্রান্ত আদালতের কোনো আদেশ পাইনি। আদালতের আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.
bdnews24