ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ করতে এ বি এম খায়রুল হককে নিয়ে নানা বিতর্ক করা হচ্ছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে বলেন, "খায়রুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা, স্বাধীনতার ঘোষক মামলা, ৫ম সংশোধনী মামলাসহ অনেক ঐতিহাসিক মামলার রায় দিয়েছেন। তার এসব ঐতিহাসিক রায়কে বিতর্কিত করার জন্য খালেদা জিয়াসহ অন্যরা আক্রোশমূলক বক্তব্য দিচ্ছেন।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক 'টাকার বিনিময়ে' দিয়েছেন বলে গত ৩১ অগাস্ট দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, "আগামী ১৫ দিনের মধ্যে খালেদা জিয়ার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।"
বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী বলেন, "বিচারকরা বেতনের সঙ্গে আলাদা কোনো চিকিৎসা ভাতা পান না। তাদের যাতায়াত খরচ এবং চিকিৎসার ব্যয়ও রাষ্ট্রই বহন করে।
"চিকিৎসার জন্য টাকা নিলে এর সমস্ত ভাউচার দাখিল করতে হয়। তার (খায়রুল) সম্পর্কে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা অত্যন্ত গর্হিত।"
বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও জাতীয় আইনজীবী পরিষদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন পরিচালনা করেন শ ম রেজাউল করিম ও আজাহার উল্লাহ ভূঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯১৩ ঘ.
bdnews24