ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে এক পরামর্শ সভার কয়েক ঘণ্টার মধ্যে সেখানে অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে বিউটি বেগম নামে ওই প্রসূতির মৃত্যু হয়। তার কয়েক ঘণ্টা আগেই স্বাস্থ্য অধিকার ও গর্ভবতী, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে এক আলোচনায় স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য আলোচনা করেন সিভিল সার্জনসহ ওই হাসপাতালেরই চিকিৎসকরা।
বিউটির স্বামী মো. শাহজাহানের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন আবু মো. খায়রুল কবীর জানিয়েছেন, বিউটির মৃত্যুর তদন্ত হচ্ছে।
সদর উপজেলার দক্ষিণ সেনিহারী জমাদারপাড়া গ্রামের শাহজাহান জানান, সোমবার সকাল ৭টায় বিউটি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। দীর্ঘ সময় পর দুপুর ১টায় চিকিৎসক খুরশীদ জাহান হক বিউটির অস্ত্রোপচার করলে জন্ম নেয় এক মৃত সন্তান।
"এরপর বিউটিকে ওয়ার্ডে নিয়ে আসা হয়। সেসময় অর্ডার ফাইলের অভাবে তার কোনো চিকিৎসাই হয়নি। এভাবেই বিকাল থেকে সারারাত বিউটি হাসপাতালের বিছানায় পড়ে থাকে।"
শাহজাহান বলেন, বিভিন্ন নার্স ও চিকিৎসকদের কাছে গেলেও কেউ তার সহায়তায় এগিয়ে আসেনি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিউটি মারা যান।
এরপর চিকিৎসকদের অবহেলায় বিউটির মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেন শাহজাহান।
অস্ত্রোপচারে দেরির কারণ ব্যাখ্যা করে গাইনি চিকিৎসক খুরশীদ জাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রসূতি একলামসিয়া রোগী হওয়ায় কিছু প্রস্তুতি নিতে হয়, তাই বিলম্ব হয় অস্ত্রোপচারে।
তবে ওয়ার্ডে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাকে দেরিতে খবর দেওয়া হয় বলে দাবি করেন ওই চিকিৎসক।
সিভিল সার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিউটি বেগমকে ওয়ার্ডে আনা হলেও অর্ডার ফাইল থেকে যায় অপারেশন থিয়েটারে। ফাইল না পেয়ে কর্তব্যরত নার্স কোনো চিকিৎসা দেয়নি রোগীকে।"
কয়েকজন নার্সের গাফিলতির প্রমাণ পেয়েছেন বলে জানান সিভিল সার্জন।
তিনি জানান, হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন এনামুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বৃহস্পতিবার প্রতিবেদন দেবে।
হাসপাতালে বিউটির মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা আগে বিকালে স্বাস্থ্য অধিকার ও গর্ভবতী, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে একটি গণশুনানি হয় বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদের (এমকেপি) প্রশিক্ষণ কেন্দ্রে। এমকেপি এর আয়োজন করে।
এতে হাসপাতালে রোগীদের চিকিৎসা সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন সিভিল সার্জন খায়রুল কবীর, ডা. খুরশীদ জাহান হক, ডা. শাহজাহান নেওয়াজ, ডা. সুলতানুল আলম, ডা. মুনিরউদ্দীন আহমেদ।
বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানেরও আশ্বাস দেন সিভিল সার্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩০ ঘ.
bdnews24