রাঙামাটি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে ছয় মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা। এসময় এক বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার জেটিঘাট এলাকা থেকে বুধবার সকালে সাত জনকে গ্রেপ্তার করে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)।
আটকৃতরা হলেন- মিয়নমারের নাগরিক মো. সৈয়দ (২৫), নাজির হোসেন (১৫), জুলহাস (১৪), ইউসুফ (১৬), খায়রুল আমীন (১৫), মো. নাঈম (১৬) ও বাংলাদেশের নাগরিক দেশ চন্দ্র তংচঙ্গা।
রাঙামাটি কাপ্তাই সার্কেল এর সহকারী পুলিশ সুপার (এএএসপি) প্রনব কুমার রায় জানান, সকাল ৯টার দিকে জেটিঘাট এলাকায় সাত জন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। জিজ্ঞাসাবাদে ছয় জন নিজেদের মিয়ানমারের নাগিরক বলে স্বীকার করে। তারা কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
আটকৃতরা জানিয়েছেন, তারা জুড়াছড়ি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রূপকুমার চাকমার কাছে যাচ্ছিলেন।
দেশচন্দ্র তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে সহায়তা করেছে বলে পুলিশ ধারণা করছে।
গোয়েন্দা সংস্থা আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান এএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৩৭ ঘ.
bdnews24