২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে 'রূপরেখা' চুক্তি

আঞ্চলিক সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে একটি 'রূপরেখা' চুক্তি করেছে ভারত ও বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 08:17 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে একটি 'রূপরেখা' চুক্তি করেছে ভারত ও বাংলাদেশ। ভারতীয় প্রধানমন্ত্রীর দুই দিনের ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চুক্তিতে সই করেন মনমোহন সিং ও শেখ হাসিনা। এর আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর মনমোহন সিং যৌথ ব্রিফিংয়ে বলেন, "পারস্পরিক সহযোগিতার নতুন একটি রূপরেখা নিয়ে ঐকমত্যে পৌঁছেছি আমরা। এতে দ্বিপক্ষীয় সহযোগিতার এক নতুন দিগন্তের উন্মোচন হওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীসুলভ সংহতির এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।" ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নের বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভারতে এ বিষয়ে একটি ঐকমত্য রয়েছে যে, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্ভাব্য সবচে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে।" শেখ হাসিনা বলেন, "সহযোগিতা ও উন্নয়নের রূপরেখা নিয়ে আমরা একটি চুক্তি করেছি, যা কেবল আজকের বাস্তবতাই পূরণ করবে না, আগামী দিনের সম্ভবনাও ধারণ করবে।" রূপরেখা চুক্তির বিষয়টি প্রথম আলোচনায় আসে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময়। সে সময় যৌথ ঘোষণায় বলা হয়, দুই প্রধানমন্ত্রী সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে দুই দেশের ভবিষ্যত পরিকল্পনার ভিত্তিতে একটি সমন্বিত রূপরেখা প্রণয়নের বিষয়ে একমত হয়েছেন। গত দেড় বছরে দুই পক্ষের আলোচনা-পর্যালোচনা শেষে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তির সার সংক্ষেপে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা; যোগাযোগ; পানিসম্পদ; দুর্যোগ ব্যবস্থাপনা; বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ; নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার; বিজ্ঞান ও প্রযুক্তি; শিক্ষা, চিকিৎসা ও সাংস্কৃতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধিই এর উদ্দেশ্য। এই চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে এতে। প্রতি বছর এই কমিশন পর্যালোচনা বৈঠক করবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সংযোজন-বিয়োজনের সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। দুই দিনের সফরে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মনমোহন। ঢাকায় নামার পর ১৯ বার তোপধ্বনির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ ব্রিফিংয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে এটি আমার দ্বিতীয় সফর। এই সময়ের মধ্যে বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হয়েছে তা দেখে আমি আভিভূত। অর্থনীতিতে বাংলাদেশ ভালো করছে এবং আর্থসামাজিক পরিবর্তনও বেশ অগ্রসর হয়েছে।" তার এই সফরে 'রূপরেখা' চুক্তিতে সই হলেও বহু আলোচিত তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টন নিয়ে কোনো চুক্তি হয়নি। আগে ঘোষণা থাকলেও ট্রানজিট বাস্তবায়নে দুই দেশের মধ্যে বিনিময় হয়নি সম্মতিপত্রও। যৌথ বিবৃতিতে দুই প্রধানমন্ত্রী ঘোষণা দেন, এখন থেকে বাংলাদেশের ৪৬টি গার্মেন্ট পণ্য ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এছাড়া তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০২০৬