২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

রংপুরে টেন্ডারবাজির ঘটনায় গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাজ্জাদ হোসেন সাগরসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 07:08 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

রংপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে টেন্ডারবাজির ঘটনায় গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাজ্জাদ হোসেন সাগরসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শহরের স্টেশন এলাকার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস থেকে ১৮ জনকে আটক করা হয়। পরে ১১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের এপিএস এবং তার ভাগ্নে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর, রওশন হাবিব, রংপুর শহর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, আব্দুল কাদের এলাহী লাভলু, আশরাফুল আলম তওহীদ, সাজেদুল ইসলাম, মারুফ ইকবাল, মোহসীন আলম, মাসুদ পারভেজ, আশরাফুল ও কবীর হোসেন। রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর জানান, পাউবোর অধীনে ছয়টি গ্র"পের ২৪ কোটি টাকার টেন্ডার দাখিলের শেষ দিন ছিলো মঙ্গলবার। সকালে মন্ত্রীর এপিএস সাজ্জাদ, শাহীন ও তাদের লোকজন বিভিন্ন ঠিকাদারের লোকজনকে দরপত্র দাখিলে বাধা দেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থক কয়েকজন ঠিকাদার দরপত্র দাখিল করতে এলে সাজ্জাদ ও শাহীন তাদের বাধা দিলে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে জানান এসপি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসপি তানভীর আরো জানান, ঘটনাস্থল থেকে ১৮ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। বিকালে ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করে বাকি সাত জনকে ছেড়ে দেওয়া হয়। এদিকে গ্রেপ্তার এপিএস সাজ্জাদ হোসেন জানান, তিনি একটি কাজে তত্ত্ববধায়ক প্রকৌশলীর কার্যালয়ে এসেছিলেন । সেখানে চা পান করে বাইরে বের হবার সময় হইচই শুনেছেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করলো। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। টেন্ডার ম্যানেজ করার ব্যাপারে তিনি বলেন, আমাদের লালমনিরহাট জেলার কাজ। মন্ত্রী মহোদয় বলেছেন কাজগুলো যাতে ম্যানেজ করা যায় সে চেষ্টা করো। তাই এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০৫০ ঘ.