২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুদুয়ারায় প্রার্থনা করলেন গুরুশরণ কাউর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের গুরুদুয়ারা নানকশাহীতে প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরুশরণ কাউর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের গুরুদুয়ারা নানকশাহীতে প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরুশরণ কাউর। সেখানে 'গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির নতুন কার্যালয় ও ভিআইপি অতিথি কক্ষ' উদ্বোধন করেন তিনি। মঙ্গলবার বিকেল সোয়া ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত তিনি এসব কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস পাপ্পু। গুরুশরণ গুরুদুয়ারা ত্যাগ করার পর নারায়াণ সাংবাদিকদের বলেন, "গুরুশরণ প্রার্থনায় প্রায় ৩০মিনিট ব্যয় করেন। শুরুতে গুরুদেবের চরণে মাথা ছুঁইয়ে তিনি পৃথিবীর মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। এরপর দানবাক্সে কিছু অর্থ দান করেন তিনি। তবে তালাবদ্ধ বাক্সে তিনি কতটাকা দান করেছেন আমরা এখনো জানি না।" "এরপর ধর্মীয় সঙ্গীত কীর্তন পরিবেশন করা হয়। এ সময় তাকে গুরুদুয়ারার পক্ষ থেকে সম্মানী চাদর 'সরোপা' পরিয়ে দেওয়া হয়। পরে শিখ ধর্মীয় গ্রন্থ 'শ্রী গুরুগ্রন্থ সাহেব জী' থেকে পাঠ করা হয়। সবশেষে করা হয় প্রসাদ বিতরণ।" নারায়ণ জানান, প্রার্থনাশেষে ফিতা কেটে গুরুদুয়ারা নানকশাহীর পশ্চিম পাশে নবনির্মিত তলার উদ্বোধন করেন গুরুশরণ। সেখানে ব্যবস্থাপনা কমিটির জন্য নতুন কার্যালয় ও ভিআইপি অতিথিদের জন্য কয়েকটি কক্ষ নির্মাণ করা হয়েছে। সর্বশেষ তিনি নিচতলায় কমিটির বর্তমান অফিসে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। এ সময় তাকে চা-নাস্তা পরিবেশন করা হয়। এ সময় গুরুশরণের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের স্ত্রী প্রভিতা মিত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, ব্যবস্থাপনা কমিটির সাতজন সদস্য, ভারত থেকে আসা চারজন দাতা ও দুজন ধর্মীয় গুরু। গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুরেশ কুমার (জি. সিং) সাংবাদিকদের বলেন, "শিখ ধর্মাবলম্বী কেউ কোথাও গেলে তারা সাধারণত নিকট কোনো গুরুদুয়ারায় প্রার্থনা করতে যান। গুরুশরণ জীর সফর তার ব্যতিক্রম ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তিনি এই গুরুদুয়ারায় প্রার্থনা করতে এলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০২৮ ঘ.