দিনাজপুর, সেপ্টম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
গত ২৩ অগাস্ট খনিতে কর্মরত প্রায় এক হাজার বাংলাদেশি শ্রমিক অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঢাকায় পেট্রোবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
তিনি বলেন, তাদের দাবি-দাওয়া বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সন্তোষজনক হয়েছে। তাই তাদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে সভাপতির কাছ থেকে ফলপ্রসু আলোচনা এবং এবং কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার সংবাদ পেয়েছি।
"তাই আজ সন্ধ্যা ৬টার শিফ্টে কাজে যোগ দিয়েছি," বলেন তিনি।
ঢাকায় পেট্রোবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভুমি প্রতিমন্ত্রী, পেট্রোবাংলার চেয়ারম্যান, দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেনডেন্ট, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক, এক্সএমসি'র মিশন প্রধান এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার ঢাকায় জ্বালানি মন্ত্রণালয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
চাকরি স্থায়ীকরণসহ কয়েকটি দাবিতে এই খনির এক্সএমসি নিয়োজিত প্রায় এক হাজার বাংলাদেশি শ্রমিক ২৩ অগাস্ট অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। এই ১৫ দিন খনিতে কয়লা উত্তোলন বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24