২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে 'যৌন নিপীড়ন', ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সিলেট নগরী থেকে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

সিলেট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সিলেট নগরী থেকে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টায় ধোপাদীঘির পাড়ের হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পিটার এলিসন (৫৬) যুক্তরাজ্যের লন্ডন শহরের বাসিন্দা। পরে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া শিশুটিকে সেফহোমে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, যৌন নিপীড়নের উদ্দেশ্যে একটি শিশুকে নিয়ে এক ব্রিটিশ নাগরিক হোটেল কক্ষে অবস্থান করছে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। পিটার এলিসনসহ শিশুটিকেও ওই কক্ষে পাওয়া যায়, বলেন ওসি। ওসি আরো বলেন, পিটার এলিসনের বিরুদ্ধে বিভিন্ন সময় বাংলাদেশে এসে শিশুদের নিয়ে ঘুরে বেড়ানো এবং তাদের যৌন নিপীড়ন করার অভিযোগ রয়েছে। শিশুকে যৌন হয়রানির অভিযোগে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নাম প্রকাশ না করার শর্তে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শনিবার পিটার এলিসন একটি ছেলেকে (১২) নিয়ে হোটেলের ৪র্থ তলার ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। দু'মাস আগেও পিটার ওই শিশুটিকে নিয়ে কয়েকদিন হোটেলে ছিলেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৪ ঘ.