হবিগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে হবিগঞ্জের দায়রা আদালত। একই মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।
এছাড়া মৃত্যুদণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। যাবজ্জীবন দণ্ডিতদের প্রত্যেকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস সশ্রম কারাভোগ করতে হবে।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আ ক ম জহরুল আলম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওয়াফিদুল, নজরুল ইসলাম ওরফে নজা, ফয়সল মিয়া ও ওয়ালি মিয়া। এরমধ্যে শেষের দু'জন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন তাইতুল মিয়া, সুজাত মিয়া, ছানু মিয়া, বিলাল মিয়া, হেলাল মিয়া, আসাদুল, রেজাউল, সেকুল, রঞ্জু, স্পষ্ট বেগম, সুফিয়া বেগম, ছুরিয়া বেগম ও খাইরুল মিয়া।
মামলার নথি থেকে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ১৮ জুন সন্ধ্যায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সফিকুল আমিন স্বপনকে একই এলাকার ওয়ালি মিয়া ও ওয়াহিদুল ইসলামসহ দণ্ডিতরা হত্যা করে।
এ ঘটনায় নিহতেন ভাই আইনজীবী সাইদুল আমিন চৌধুরী বাদী হয়ে ২০ জুন ২৭ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24