আগরতলা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের কারাগার থেকে দুই বাংলাদেশিসহ তিন কয়েদি পালিয়েছে।
ত্রিপুরার রাজধানী থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে সোনামুড়া কারাগারে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের নাগরিক আলী আহেদ (৩০) ও রফিকুল ইসলাম (২২) চুরির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে গত বছর থেকে এ কারাগারে ছিলেন। এছাড়া গাড়ি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে আটক ছিলেন আবু তাহের (২৬) নামে অন্য জন।
কারাগারের একই সেলে রাখা হয়েছিলো এ তিন জনকে। তারা তাদের সেলের জানালা ভেঙে বিছানার চাদর ও অন্যান্য কাপড় দিয়ে দড়ি বানিয়ে উঁচু দেয়াল টপকে পালান বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ ঘটনার পরে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ত্রিপুরার কারাগার বিষয়ক মন্ত্রী মণিন্দ্র রিয়াং।
পলাতক তিন জনকে ধরার জন্য অভিযান শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানান।
তবে সোনামুড়া এলাকাটি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শহর হওয়ায় পলাতকরা সীমানা পার করে বাংলাদেশে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। সীমানার এপারে রয়েছে কুমিল্লা জেলা।
এ জন্য সীমান্তে প্রহরা জোরদার করেছে ত্রিপুরা রাজ্য সরকার।
তিন দিকেই ঘিরে থাকা ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার অভিন্ন সীমান্ত রয়েছে বাংলাদেশের। অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধ করতে এজন্য বেশ কড়া পাহারা দিয়ে থাকে ভারতীয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০৫ ঘ.
bdnews24