২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁকে বসা মমতাকে মনমোহনের ফোন

তিস্তার পানি বণ্টন নিয়ে বেঁকে বসা মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করে মনমোহন সিং আশ্বস্ত করেছেন, তার সফরে এমন কোনো চুক্তি হবে না, যা পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুন্ন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন নিয়ে বেঁকে বসা মমতা বন্দোপাধ্যায়কে টেলিফোন করে মনমোহন সিং আশ্বস্ত করেছেন, তার সফরে এমন কোনো চুক্তি হবে না, যা পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুন্ন করবে। দুদিনের সফরে মঙ্গলবার দুপুরেই ঢাকায় পা রাখছেন মনমোহন। তার সফরসঙ্গীর তালিকায় থাকলেও তিস্তার পানি বণ্টন চুক্তির খসড়ায় আপত্তি জানিয়ে নিজের নাম প্রত্যাহার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। সরকারের শরিক জোটের অন্যতম দল তৃণমূল কংগ্রেসকে না চটাতে দিল্লি তিস্তা চুক্তি আপাতত না করার সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমের খবর, যদিও ঢাকার পক্ষ থেকে এখনো আশা করা হচ্ছে, চুক্তি হবে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ পর্যায়ের এক নেতার উদ্ধৃতি দিয়ে এনডিটিভি, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত ৮টার দিকে মনমোহন সিং টেলিফোন করেন মমতাকে। "দিদি (মমতা) প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন, কেন তিস্তার চুক্তির খসড়া নিয়ে তার আপত্তি। প্রধানমন্ত্রীও বলেছেন, যা কিছু হবে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করেই হবে", বলেন তৃণমূল নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা জানান, প্রধানমন্ত্রী ঢাকা থেকে ফিরে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। আনন্দবাজার বলছে, তিস্তা চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। মনমোহন ঢাকায় এসে জানাবেন, অদূর ভবিষ্যতে তিস্তা চুক্তি করতে দিল্লি বদ্ধপরিকর। তবে বাস্তব পরিস্থিতি বুঝিয়ে ঢাকাকে বলা হবে- 'তাড়াহুড়ো করে অর্ধসিদ্ধ খাবার পরিবেশন না করে একটু অপেক্ষা করে পুরোসিদ্ধ খাবার খাওয়াই ভালো'। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনও লিখেছে- তিস্তা চুক্তি আপাতত স্থগিত। তিস্তা চুক্তি না হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে বাংলা দৈনিক বর্তমান শিরোনাম করেছে- গুরুত্ব হারালো মনমোহনের সফর। হিন্দুস্থান টাইমস শিরোনাম করেছে- তিস্তা চুক্তিতে জল ঢেলে দিলেন মমতা। তিস্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই সোমবার সাংবাদিকদের বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি উপেক্ষা করে এগোবে না নয়া দিল্লি। তবে এরপরও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, মনমোহন সিংয়ের সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে তিস্তার পনি বণ্টন নিয়েও চুক্তি হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.