নয়া দিল্লী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন নিয়ে শেষ মুহূর্তে অনিশ্চয়তা আর গুজবের মধ্যে এক বিবৃতিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়েছেন, মঙ্গলবার ঢাকা যাচ্ছেন তিনি।
সোমবার এই বিবৃতিতে তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আমি দুই দিনের সফরে কাল বাংলাদেশে যাচ্ছি। এটাই হবে বাংলাদেশে আমার প্রথম দ্বিপক্ষীয় সফর।"
মঙ্গলবার বেলা ১১ টা ৫৫ মিনিটে একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতারও এই সফরে তার সঙ্গে বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু তিস্তার পানি ভাগাভাগির প্রস্তাব নিয়ে আপত্তি তুলে শেষ মুহূর্তে তিনি ঢাকা না আসার কথা মনমোহনকে জানিয়ে দেন।
মমতার এই সিদ্ধান্তের পর বহু প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তিও অনিশ্চয়তায় পড়ে।
মনমোহনের এই সফরে ফেনী নদীর পানি বণ্টনসহ কয়েকটি চুক্তি, বাঘ সংরক্ষণের বিষয়ে একটি প্রটোকল এবং সুন্দরবনের প্রণিবৈচিত্র সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বাংলাদেশ টেলিভিশন ও পশ্চিমবঙ্গের দূরদর্শনের মধ্যে সহযোগিতা, মৎস্য খাতের উন্নয়ন এবং ঢাকা ও দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০১৫ ঘ.
bdnews24