ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক নিরাপত্তা জোরদার করতে শাস্তির বিধান বাড়িয়ে আগামী জানুয়ারির মধ্যে একটি নতুন আইন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ আইনের আওতায় ৩০০ ধরনের অপরাধের বিচার করা যাবে।
"আগামী জানুয়ারিতে সংসদ অধিবেশনের শুরুতেই নতুন আইনটি পাশের জন্য উত্থাপন করা যাবে বলে আশা করছি। এ আইনের নাম হবে 'রোড ট্রান্সপোর্ট এন্ড ট্রাফিক অ্যাক্ট'," যোগ করেন তিনি।
অর্থমন্ত্রী জানান, বিদ্যমান মোটরযান আইনটি করা হয়েছিল ১৯৩৯ সালে। এরপর ১৯৮৯ সালে একবার তা সংশোধন করা হয়। অনেক পুরনো হওয়ায় এ আইনে অনেক বিষয় অন্তর্ভুক্ত নেই। তাই নতুন এ আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি বলেন, "বিদ্যমান আইনে শুধু মোটরযানের কথা বলা হয়েছে। কিন্তু নতুন আইনে সব ধরনের যানবাহনের কথাই থাকবে। বর্তমান আইনে ৫০ ধরনের অপরাধের শাস্তির বিধান আছে। নতুন আইনে এর আওতা বাড়িয়ে ৩০০ করা হচ্ছে।"
স¤প্রতি মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার পর অদক্ষ চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া এবং পুরনো আইনের সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় আসে। সংসদেও এ বিষয়ে আলোচনা হয় এবং যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রী সাংসদদের তোপের মুখে পড়েন।
মুহিত বলেন, প্রাথমিক খসড়ায় বিভিন্ন অনিয়মের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। তবে নিহত বা গুরুতম জখমের মতো ঘটনাগুলোর বিচার হবে ফৌজদারি দণ্ডবিধির (পেনাল কোড) আওতায়।
দণ্ডবিধির ৩০৪ (খ) ধারা অনুযায়ী, নিছক দুর্ঘটনায় মৃত্যু প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছরের সাজা দেওয়া যায়। আর যদি বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ হত্যাকাণ্ড হয়, তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
অর্থমন্ত্রী বলেন, "নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালনার জন্য কারদণ্ড ও জরিমানা আরো বেশি হওয়া উচিৎ। এটা বাড়াতে হবে।"
মুহিত জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই রোড ট্রান্সপোর্ট এন্ড ট্রাফিক অ্যাক্ট করার উদ্যোগ নেয়। এ বিষয়ে খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয় ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ডকে। তারা ডেভকন নামে একটি পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে আইনের প্রাথমিক একটি খসড়া প্রস্তুত করেছে।
এই খসড়া সম্পর্কে জানতে চাইলে ডেভকনের পরিচালক আবদুল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "উল্টো পথে চলা, লেন না মানা, অতিরিক্তি গতিতে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ইত্যাদি অপারাধের জন্য শাস্তির সুপারিশ করা হয়েছে। এছাড়া গাড়ির ফিটনেস বা অতিরিক্ত মাল বহনের ক্ষেত্রেও শাস্তির বিধান রাখার কথা বলা হয়েছে।"
বিদ্যমান আইনে নিয়ম ভেঙে গাড়ি চালনোর জন্য সর্বোচ্চ ২ বছর সাজার বিধান রয়েছে।
বর্তমান আইনের এই বিধি কার্যকর হচ্ছে না কেন- জানতে চাইলে আবদুল আলম বলেন, "আলামতের অভাবে সাজা দেওয়া যায় না। যখন মামলাগুলো আদালতে আসে, তখন তেমন কোনো আলামত পাওয়া যায় না।"
তিনি জানান, ২০০৯ সালে ঢাকার আশেপাশে ২৫০টি দুর্ঘটনা হয়েছে। আলামতের অভাবে এর মধ্যে সাজা হয়েছে মাত্র ১টি মামলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০২০ ঘ.
bdnews24