সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক ছাত্রীর মাকে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার এ ঘটনায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন মেয়েটির মা।
ইউএনও সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌন হয়রানি ও মারধরের অভিযোগে স্কুল ছাত্রীর মা লিখিত অভিযোগ করেছেন। থানার ওসিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বাদীর সাক্ষ্য গ্রহণ করা হবে।
অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বলেন ইউএনও।
মেয়েটি কাজিপুর উপজেলা সদরের আরডি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী।
অভিযোগে মেয়েটির মা উল্লেখ করেন, চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী ও কাজিপুর উপজেলার পলাশবাড়ি গ্রামের বাসিন্দা জেল হোসেন বেশ কিছুদিন ধরে স্কুলে যাতায়াতের পথে এবং বাড়িতে গিয়ে তার মেয়েকে উত্ত্যক্ত করতো।
এবার ঈদের আগের দিন (৩০ অগাস্ট) তাদের বাড়ির কাছে গিয়ে আবারো জেল হোসেন তার মেয়েকে অশালীন কথা বলে।
মেয়ের কাছে শুনে বিষয়টি তার মা জেল হোসেনের পরিবারের সদস্যদের জানালে তারা তাকে (মা) লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
অভিযোগে আরো বলা হয়, ওইদিনই তিনি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে কাজিপুর থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী জানান, নতুন আইনে যৌন হয়রানির অভিযোগে মামলা নেওয়ার নিয়ম নেই। তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১২ ঘ.
bdnews24