২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী অজিত রায়ের জীবনাবসান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সংগীতশিল্পী অজিত রায় মারা গেছেন। ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সংগীতশিল্পী অজিত রায় মারা গেছেন। ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বারডেম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক রোববার দুপুর ১টার পর সাংবাদিকদের জানান, অজিত রায়ের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এই শিল্পীর মেয়ে শ্রেয়সী রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাছাড়া উচ্চ রক্তচাপেও ভুগছিলেন তিনি। স্বাধীনতা পদক পাওয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। অজিত রায়ের মৃত্যুর খবরে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। সংগীতশিল্পী রফিকুল আলম সাংবাদিকদের বলেন, "দেশের গান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতো কোনো সংগঠন না থাকলেও তিনি ব্যক্তিগত উদ্যোগে সেই চেষ্টা চালিয়ে গেছেন।" নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার জানান, রোববার রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে অজিত রায়ের মরদেহ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। অজিত রায়ের শেষকৃত্য কখন কোথায় হবে তা পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করা হবে বলে জানান তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা অজিত রায় ১৯৩৮ সালের ২৯শে জুন রংপুর শহরে জন্মগ্রহণ করেন৷ ১৯৬৩ সালে বেতারে এবং পরে বাংলদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তার কণ্ঠের কবিতা আবৃত্তি ও সংগ্রামী গান স্বাধীনতাকামী জনতাকে উজ্জীবিত করে৷ স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ বেতারে যোগ দেন অজিত। সেখান থেকে অবসরে যান ১৯৯৫ সালে। এছাড়া বিভিন্ন সময়ে বুলবুল ললিতকলা একডেমী, ছায়ানট, সংগীত মহাবিদ্যালয় ও উদীচিতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন এই নিবেদিতপ্রাণ শিল্পী। সরকার ২০০০ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করে। এই শিল্পীর মৃত্যুর খবরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদও বারডেম হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, অজিত রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও রাশেদ খান মেনন, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, চিকিৎসক ও গায়ক অরূপ রতন চৌধুরী শিল্পী অজিত রায়কে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআইএইচ/এসডব্লিউ/জেকে/০৩০৭ ঘ.