শরীয়তপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে স্থানীয়রা বলছে, নিখোঁজের সংখ্যা ১০।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দুলার চর সংলগ্ন নদীতে মালবাহী একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুল হক সাংবাদিকদের জানিয়েছেন, ট্রলারে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। অধিকাংশই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তিন জন জনের সন্ধান মেলেনি।
নিখোঁজরা হলেন- সখিপুর এলাকার আজিতুন নেছা (৫০) তার নাতনি শিল্পি (১২) ও দুদু মিয়া বেপারী (৪০)।
ট্রলারডুবির পরপরই ইউএনও জানিয়েছিলেন, ১৯ যাত্রী নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, "তখন প্রাথমিক রিপোর্টের ওপর নির্ভর করেই এ সংখ্যা জানানো হয়েছিলো। কিন্তু সরজমিনে পরিদর্শনের পর তিন জন নিখোঁজ বলে নিশ্চিত হওয়া গেছে।"
দুপুর ২টা পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি বলে জানিয়েছেন ইউএনও।
দুলারচর লঞ্চ ঘাটের চায়ের দোকানি তাজুল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দুলারচর ঘাট থেকে যাত্রীদের লঞ্চে তুলে দেওয়ার জন্য ট্রলারটি কাচিকাটার উদ্দেশে ছেড়ে যায়। ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী কার্গো 'এমভি সেবা' ট্রলারটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়।
স্থানীয় লোকজন অনেককে উদ্ধার করে। তবে এখনো ১০-১২ জন নিখোঁজ রয়েছে বলে জানান তাজুল। তবে তিনি নিখোঁজ ব্যক্তিদের নাম বলতে পারেননি।
সখিপুর থানার ওসি ধীরেন্দ্র চন্দ্র কর্মকার জানান, ট্রলারের তিন যাত্রী নিখোঁজ রয়েছে। চাঁদপুর স্টেশনের দমকল বাহিনী দুপুর দুইটা থেকে উদ্ধার কাজ চালাচ্ছে। এখনো কোনো লাশ উদ্ধার করা যায়নি।
কয়লাবাহী কার্গোটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, তিন জন নিখোঁজ রয়েছে। চাঁদপুর দমকল বাহিনীর ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৫৪ ঘ.
bdnews24