২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ রক্ষায় সময়মতো আন্দোলন: খালেদা

'সময়মতোই' সরকার পতনের আন্দোলনের কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সময়মতোই' সরকার পতনের আন্দোলনের কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন খালেদা জিয়া। বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিয়ম শেষে সাংবাদিকদের খালেদা বলেন, "এটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জুলুমবাজ সরকারের জুলুম-নির্যাতন থেকে মানুষকে রক্ষার জন্য আন্দোলন।" তবে কর্মসূচির কোনো দিনক্ষণ জানাননি বিরোধীদলীয় নেতা। এ সময় বিচার বিভাগ দলীয়করণ ও ধ্বংসের জন্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দায়ী করেন তিনি। সৌদি আরবে ওমরাহ পালন শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরেন খালেদা জিয়া। ঈদের দিন সকালে ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ১১টায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতা শুভেচ্ছা বিনিময় করেন। কূটনৈতিক কোরের ডিন শাহের মোহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরিসহ পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ মুসলিম দেশের কূটনীতিকরা বিরোধীদলীয় নেতার সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কোরিয়া, ভারত, ভ্যাটিকান সিটি, শ্রীলংকা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিরা খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গণি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধরী প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী-সাংসদদের 'লুটপাট ও দুর্নীতি'র পেছনে সরকারের 'মদদ' রয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, "মহাসড়কগুলোর বেহাল অবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না।" ইকোনোমিস্টের এক প্রতিবেদনের ইঙ্গিত করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ''এ সরকার জনগণের ভোটে ক্ষমতায় বসেনি। তাদের জন্য বিদেশ থেকে বস্তায় বস্তায় টাকা এসেছে। সেই অর্থে ফখরুদ্দীন-মইন উদ্দীনের সঙ্গে আঁতাত করে তারা ক্ষমতায় বসেছে বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য।" স¤প্রতি বৃটেনের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কাছ থেকে অর্থ ও পরামর্শ নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে খালেদা বলেন, "আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই। এরকম সমতাভিত্তিতে সব কিছু হতে হবে।" রাজনৈতিক নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটি পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজাসহ সমমনা দলের নেতারা বিরোধী দলীয় নেতার সঙ্গে কুশল বিনিময় করেন। বিচার বিভাগ দলীয়করণ ও ধ্বংসের জন্য সাবেক প্রধান বিচারপতিকে দায়ী করে বিরোধীদলীয় নেতা বলেন, "খায়রুল হকই এ বিচার বিভাগকে ধ্বংস করেছেন। দলীয়করণ করেছেন। তিনি টাকার বিনিময়ে রায় দিয়েছেন- তা আজ স্পষ্ট।" এরপর খালেদা জিয়া গানের কলি উদ্ধৃত করে বলেন, "বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা।" পুলিশি হেফাজতে নির্যাতনে আইনজীবী এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। "একজন ভালো মানুষকে মামলা-মোকাদ্দমা দিয়ে পুলিশ টর্চার করেছে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।" বিশিষ্ট নাগরিকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক মাহবুবউল্লাহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কবি আবু সালেহ, মাহমুদ শফিক, আবদুল হাই শিকদার, হাসনা মওদুদ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামসহ শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাবেক সচিব, দলীয় সাংসদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পেশাজীবী নেতারা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শিশু-কিশোর, সর্বস্তরের মানুষজন ও দলীয় নেতা-কর্মীরা লাইনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছিন্নমূল মানুষজনও নেত্রীকে ঈদের শুভেচ্ছা জানায়। খালেদা জিয়া অতিথিদের সেমাই, জর্দা, মিষ্টি ও ফল দিয়ে আপ্যায়ন করেন। ইস্কাটনে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুর ২টায় শেরে বাংলা নগরে খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুস্পমাল্য অর্পণ করেন। এ সময়ে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/পিডি/১৬৪৪ ঘ.