২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঈদগাহে চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রস্তুতির ৯০ শতাংশ শেষ হয়েছে এখন চলছে চট ও কার্পেট বিছানোর কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রস্তুতির ৯০ শতাংশ শেষ হয়েছে এখন চলছে চট ও কার্পেট বিছানোর কাজ। সোমবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ঈদগাহের প্রস্তুতি ঘুরে দেখেন। মঙ্গলবার দুপুরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সার্বিক প্রস্তুতি পরিদর্শন করবেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রী কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করার তাগিদ দেন তিনি। প্রতি বছরের মতো এবারো ঢাকা সিটি করপোরেশন জাতীয় ঈদগাহ ময়দানের সাজ-সজ্জার দায়িত্ব পালন করছে। ময়দানের পানি নিষ্কাশন ও স্যুয়ারেজ ব্যবস্থা তদারকি করছে পূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি)। ডিসিসি'র প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে এ বছর জাতীয় ঈদগাহ ময়দানে রেকর্ড সংখ্যক এক লাখ ২৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, পানিরোধক (ওয়াটার প্র"ফ) প্যান্ডেল, টয়লেট স্থাপন ও পয়োনিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টিপাত হলেও ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে কোন সমস্যা হবে না বলে জানান তিনি। মিল্লাতুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের লক্ষ্যে ডিসিসি রাজধানীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬টি এবং পলাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক দুটি ঈদ জামাতের আয়োজন করছে। এ জন্য ডিসিসির পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুটের বৃষ্টি প্রতিরোধক শামিয়ানা, ৪০০টি সিলিং ফ্যান ও ভ্রাম্যমাণ টয়লেটসহ প্রয়োজনীয় অজুখানা স্থাপন করেছে। এ ব্যাপারে ঈদগাহ প্রস্তুতির তদারকির দায়িত্বপ্রাপ্ত ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব হেলাল উদ্দিন বলেন, সার্বিক প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। তবে এখনো পুরোদমে কাজ চলছে। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া জানান, সংস্থার পক্ষ থেকে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা পরীক্ষা করে দেখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯০৪ ঘ.