২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ভিড় আছেই

গত কয়েক দিনের মতো ঈদের আগে শেষ কর্মদিবসেও ট্রেনের ছাদে চড়ে, কামরায় ঠেলাঠেলি করে দাঁড়িয়ে বাড়ির পথে রওনা হয়েছে নগরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক দিনের মতো ঈদের আগে শেষ কর্মদিবসেও ট্রেনের ছাদে চড়ে, কামরায় ঠেলাঠেলি করে দাঁড়িয়ে বাড়ির পথে রওনা হয়েছে নগরবাসী। সোমবার বিকাল পর্যন্ত রংপুর এক্সপ্রেসসহ দুটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো সময় মতোই কমলাপুর স্টেশন ছেড়েছে। রোববার থেকে রেলওয়ে ঈদের বিশেষ সার্ভিস শুরু করেছে। প্রতিদিন তিনটি ট্রেন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। এসব ট্রেনেও রয়েছে যাত্রীর আধিক্য। সিট না পেয়ে অনেকেই ট্রেনের ছাদে, কামরায়, দরজায় দাঁড়িয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার এন সি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমারা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। ইঞ্জিন ও বগি স্বল্পতার কারণে কখনো একটু আধটু দেরি হতে পারে। তবে আমরা সময়মতোই ট্রেন ছাড়ার চেষ্টা করছি।" যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে যান। তিনি জানান, রোববার বিভিন্ন গন্তব্য ছেড়ে যাওয়া ৫৬টি ট্রেনের মধ্যে ৪২টি যথাসময়ে ছেড়েছে। আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে আটটি ট্রেন, এক ঘণ্টার বেশি দেরি করেছে ছয়টি ট্রেন। তবে সোমবার থেকে সময় মতো ট্রেন চলাচলের আশ্বাস দেওয়ার পর দুটি ছাড়া অন্য সব ট্রেনকে নির্ধারিত সময়েই স্টেশন ছাড়তে দেখা যায়। ঝক্কি এড়াতে অনেক যাত্রীকে সময়ের অনেক আগেই কমলাপুর স্টেশনে এসে বসে থাকতে দেখা যায়। তেমনই একজন রোকসানা পারভীন (৩০) বললেন, "বাচ্চাদের নিয়ে যাবো। একটু আগে এসেছি, যাতে অন্তত বসে যেতে পারি।" সোমবারও টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা যায়। তবে বেশিরভাগ যাত্রী জানালেন, তারা বিভিন্ন রুটের দাঁড়িয়ে যাওয়ার টিকিট কিনছেন। কাউন্টারকর্মী হুমায়ুর কবির বলেন, "প্রচুর যাত্রী স্ট্যান্ডিং টিকিট কিনছেন। অনেকে আবার ঈদের পরের অগ্রিম টিকিট কেনার জন্যেও কাউন্টারে আসছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭০২ ঘ.