২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় বেড়েছে মহাখালী বাস টার্মিনালে

গত কয়েক দিন বাসের যাত্রী সংখ্যা কম থাকলেও সোমবার দুপুর থেকে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে মহাখালী বাস টার্মিনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েক দিন বাসের যাত্রী সংখ্যা কম থাকলেও সোমবার দুপুর থেকে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে মহাখালী বাস টার্মিনালে। শেষ দিনের অফিস একটু আগেভাগে শেষ করে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন অনেকে। মহাসড়কের নাজুক অবস্থার কারণে এবার ঈদে শুরুতে বাসে যাত্রী খরা কাটলেও তা সোমবার এসে কেটেছে বলে মনে করছে পরিবহন মালিকরা। এদিকে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। তবে বাসের কর্মীরা বলছেন, অতিরিক্ত ভাড়া নয়, ঈদের বকশিস নিচ্ছেন তারা। ঈদের ছুটি মঙ্গলবার থেকে শুরু হলেও গত শুক্রবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। তখন থেকে ট্রেন ও লঞ্চে যে ভিড় দেখা যাচ্ছিলো, বাসে তার দেখা মিলছিলো না। সোমবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে টাঙ্গাইল, ময়মনসিংহগামী বাসের টিকিটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন শতশত যাত্রী। উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য গন্তব্যের গাড়ির কাউন্টারেও যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কেটে দীর্ঘক্ষণ বসে আছেন বাসের জন্য। ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জগামী রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকালও (রোববার) টিকিটের দাম ছিলো তিনশ টাকা। আজ (সোমবার) সাড়ে তিনশ টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে।" অনেক চেষ্টার পর ২৮০ টাকার টিকেট একশ টাকা বেশি দিয়ে কিনেছেন ঢাকা থেকে বগুড়াগামী শরিফুল ইসলাম। তিনি বলেন, "অফিস থেকে আগেভাগে বের হয়েও কোনো লাভ হলো না। ভেবেছিলাম সন্ধ্যার পর বাসে ভিড় হবে। কিন্তু দুুপুর থেকেই ভিড় শুরু হয়েছে।" ঢাকা থেকে কিশোরগঞ্জ চলাচলকালী একটি পরিবহনের স্টেশন ম্যানেজার আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর থেকে বাসযাত্রীর সংখ্যা বেড়েছে। এ কারণে তার চোখেমুখে ছিলো সন্তুষ্ট ভাব। দুই ঘণ্টা আগে টিকেট কেটেও বাসের দেখা পাচ্ছিলেন না জামালপুরগামী ফজলুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি ঈদে ট্রেনে করে বাড়ি গেলেও এবার ট্রেনের টিকিট না পেয়ে বাসে যাচ্ছেন। "বইস্যা থাকতে আর ভালো লাগে না। গাড়ি নাইক্যা তাও টিকেট দিছে", ক্ষোভ প্রকাশ করেন ফজলুল। টাঙ্গাইলগামী একটি পরিবহনের ম্যানেজার ওবায়দুর রহমান জানান, হঠাৎ করে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় তারা সবাইকে টিকিট দিতে পারছেন না। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে তিনি বলেন, "বাড়তি ভাড়া নয়, কেউ কেউ যাত্রীদের কাছ থেকে ঈদের বকশিস নিচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৬০০ ঘ.