২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদই শেষ 'ভরসা'

ঈদের ছুটিতে বাড়ি ফেরার টিকিট না পাওয়া নিম্ন আয়ের মানুষজনের জন্য বাস-ট্রেনের ছাদই এখন শেষ 'ভরসা'। জানাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে বাড়ি ফেরার টিকিট না পেয়ে শেষ মুহূর্তে কেউ কেউ ছুটছেন রেন্ট-এ-কারের অফিসে। তবে এদের সংখ্যাও যে খুব বেশি, তা নয়। নিম্ন আয়ের মানুষজনের জন্য বাস-ট্রেনের ছাদই এখন শেষ 'ভরসা'। রোববার কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালসহ রেন্ট-এ-কারের অফিসগুলোতে ঘুরে এমনই চিত্র দেখা গেছে। কমলাপুর রেলস্টেশনে দেখা যায় বিভিন্ন গন্তব্যর ট্রেনে তিল ধারণের স্থান নেই। ছাদে বা ভেতরে যারা এতটুকু জায়গা পেয়েছেন তাদের 'ভাগ্যবান' বললে অত্যুক্তি হবে না! কথা বলে জানা গেলো পরিবারের সদস্যদের নিরাপদে পাঠিয়ে দিয়ে বাড়ির কর্তাশ্রেণীর সদস্যটি নিচ্ছেন জীবনের ঝুঁকি। স্টেশনে লালমনি এক্সপ্রেসের যাত্রী আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান, ছেলে- মেয়েদের স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন। এখন নিজে কোনোভাবে পৌঁছুতে পারলেই হয়। তা ট্রেনের ছাদে হোক বা দাঁড়িয়ে। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা মাত্র যাত্রীদের ছাদে জায়গা দখল নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই প্রতিযোগিতায় পেরে না উঠে অনেকেই 'ভাড়া করা' লোক দিয়ে ছাদে জায়গা দখল করতে দেখা গেলো। একই চিত্র দেখা গেলো সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনালে। টার্মিনাল থেকে ছাদে যাত্রী না তুললেও বাহির থেকে যাত্রী নিচ্ছেন পরিবহন কর্মচারীরা। উত্তরবঙ্গগামী তাসমেরী পরিবহনের কর্মচারী বেলাল জানান, গাবতলী ব্রিজের সামনে থেকে ছাদে যাত্রী নেওয়া হয়। তবে সেই তুলনায় কল্যাণপুর ও কলেজ গেটের বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোর সামনে ভিড় ছিলো অনেকটা কম। হানিফ পরিবহনের কলেজ গেটের শাখার বিক্রয় কর্মকর্তা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যারা অগ্রিম টিকেট পাননি তারা বিকল্প ব্যবস্থায় বাড়ি যাচ্ছেন। আর তাই রেন্ট-এ-কারের ভাড়াও এখন আগের চেয়ে কয়েকগুণ। বেশিরভাগ ক্ষেত্রেই অজুহাত হিসেবে গাড়ি মালিকরা বলছেন, রাস্তা খারাপ হওয়ার কথা। কল্যাণপুর ও আসাদ গেট এলাকায় কয়েকটি রেন্ট-এ-কারের অফিসে খোঁজ নিয়ে জানা গেলো বেশিরভাগ গাড়ি আগেই ভাড়া হয়ে গেছে। শ্যামলী এলাকায় গাড়ি ভাড়া করতে আসা বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহেদ রহমান জানান, গন্তব্য এক হওয়ায় অফিসের কয়েকজন মিলে একটি মাইক্রোবাস ভাড়া করেছেন। সাধারণ সময় ভাড়া সাত থেকে আট হাজার টাকা, তবে মঙ্গলবার মাইক্রোবাস ভাড়া নিতে গুণতে হয়েছে ১৩ হাজার টাকা। ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসের চালক জয়নুল মিয়া জানান, সাধারণ সময়ে কোথাও গেলে ফিরতি খ্যাপ (ভাড়া) নিয়ে আসা যায়। ঈদের সময় এ সুযোগ থাকে না, তাই দ্বিগুণ ভাড়া নেওয়া ছাড়া উপায় নেই। তাছাড়া রাস্তাও খারাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১৪৮ ঘ.