ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ স¤প্রসারণ ও সহজ প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এসব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে নাগরিক সংহতি, সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশন নামের দুটি সংগঠন এ দাবি জানায়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা সেবা কার্যক্রম বাড়িয়ে ব্যক্তিগত মালিকানাধীন হাসপাতাল ও ক্লিনিকে এ ধরনের সেবা বাণিজ্য বন্ধ করতে হবে।
সরকারের নিয়ন্ত্রণ না থাকায় সর্বত্র প্রায় প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো ব্যক্তিগত মালিকানার হাসপাতাল-ক্লিনিক, ল্যাবরেটরি গড়ে উঠছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জীবনানন্দ জয়ন্ত বেসরকারি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসায় অবহেলার জন্য রোগীর মৃত্যুর ঘটনা সম্পর্কিত অভিযোগ তদন্তসহ সরকারের প্রতি নয় দফা দাবি তুলে ধরেন।
স¤প্রতি রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স¤প্রতি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলে মৃতের পরিবারকে অর্থ সহায়তা দেয় হাসপাতালটি।
গত ২৫ অগাস্ট চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদে অন্য সব সদস্যকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট।
সমাবেশে নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জাতীয় কৃষক জোটের সভাপতি আনোয়ার হোসেন বাবু, দেশপ্রেমিক জনতার মঞ্চের চেয়ারম্যান প্রকৌশলী মু. ইনামুল হক, চলচ্চিত্র নির্মাতা মসি উদ্দিন সাকের, ভাস্কর রাশা, মানবাধিকারকর্মী ব্যারিস্টার ওমর ফারুক, পরিবেশ আন্দোলনের নেতা আনিসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএইচ/পিডি/২০৪৪ ঘ.
bdnews24