চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা আজিজুল হকসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাত ১টার দিকে উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আজিজুল হক উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আরেক আহত মো. আজিম যুবদল কর্মী। তারা বর্তমানে নগরীর ন্যাশনাল হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি আছেন।
আজিজুলের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন বোয়ালখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ খান।
তিনি বলেছেন, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা সরকারি দলের সমর্থক।
বোয়ালখালী থানার ওসি মো. জহিরুল হক সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১টার দিকে হামলার স্বীকার হন আজিজ ও আজিম।
"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।"
সংঘর্ষের আশঙ্কায় শ্রীপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।
ওসি জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। হামলাকারীদের পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।
স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের কেরানিহাটে শনিবার স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ইফতার শেষে বাড়ি ফেরার সময় যুবদল কর্মী কামাল ও আফসারের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক মো. তাহেরের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাহের কামালকে মারধর করে।
"এর জের ধরে রাত ১টার দিকে আজিজ ও আজিমের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।"
ওই সময় ১০-১২ জন কর্মী সমর্থক নিয়ে এলাকার একটি দোকানে আজিজুল হক আড্ডা দিচ্ছিলেন বলে জানান নাজিম।।
হামলার প্রতিবাদে উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বোয়ালখালী থানা বিএনপি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোশতাক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৭১৪ ঘ.
bdnews24