বরগুনা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলায় ভিজিডি প্রকল্পের গম আত্মসাৎ করায় এক ইউপি সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, স¤প্রতি বদরখালী ইউনিয়নের ভিজিডি প্রকল্পে জুলাই ও অগাস্ট মাসের জন্য ২৯৪ বস্তা গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বদরখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিজয় কৃষ্ণ রায় ১০ বস্তা গম আত্মসাৎ করেন।
জনপ্রতি ৬০ কেজি করে গম দেওয়ার কথা থাকলেও ওই ইউপি সদস্য ৪৫ থেকে ৫১ কেজি করে দিয়েছেন বলে উল্লেখ করেন ইউএনও।
তিনি বলেন, "আত্মসাতের বিষয়টি ধরা পড়ায় বিজয়কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।"
বিজয় জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে ইউএনও জানান।
ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান বিষয়টি স্বীকার করে বলেন, "ভুল হয়ে গেছে, এরপর যাতে আর এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৩১ ঘ.
bdnews24